স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ এপ্রিল ২০২১, ১৬:০২
দেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের কথা বিবেচনায় নিয়ে এবার বাহরাইন ও কুয়েতে বিশেষ ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ দুটি দেশ থেকে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের কাজে ফেরাতে ২৫ এপ্রিল থেকে ফ্লাইট চালুর সুপারিশ করা হয়েছে। ২২ এপ্রিল রাতে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী সভায় উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, বাহরাইন ও কুয়েতের উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী কর্মী আটকে আছেন। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই ২৫ এপ্রিল থেকে কুয়েত ও বাহরাইন রুটের বাণিজ্যিক ফ্লাইটগুলো চলাচলের অনুমতি দেয়া যেতে পারে।
একই বৈঠকে বিদেশফেরতদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সময় কমিয়ে পাঁচদিন করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, যাদের করোনার দুটি ভ্যাকসিন নেয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে না। তারা বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় প্রশাসন তা নিশ্চিত করবে।
এ সময় আরো সিদ্ধান্ত হয়, যাদের করোনা ভ্যাকসিনের একটি ডোজ নেয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট রয়েছে, তাদের তিনদিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। তাদের দেশে প্রবেশের পর করোনা টেস্ট করানো হবে। তাতে নেগেটিভ রিপোর্ট এলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন।
প্রসঙ্গত, ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী সময়ে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার বিষয় বিবেচনা করে ১৭ এপ্রিল থেকে পাঁচ দেশের সঙ্গে ফ্লাইট চলাচলের বিশেষ অনুমতি দেয়া হয়। একই সঙ্গে ঘোষণা করা হয়, যারা বিদেশ থেকে আসবেন, তাদের ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এক্ষেত্রে প্রবাসীরা সরকারি কোয়ারেন্টিন সেন্টারে থাকতে পারবেন, পাশাপাশি কেউ চাইলে সরকার নির্ধারিত হোটেলগুলোতেও কোয়ারেন্টিনে থাকতে পারবেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com