স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ জুন ২০২১, ১৬:৫৫
করোনার প্রকোপ বাড়ায় বাংলাদেশসহ বহির্বিশ্বের ৯টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। আগে থেকে বন্ধ থাকা ছয়টি দেশের সঙ্গে গত শুক্রবার নতুন করে তালিকায় যুক্ত হয়েছে ডিআর কঙ্গো, জাম্বিয়া ও উগান্ডা। এর আগে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনামের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা করে দেশটি। তবে এই ৯টি দেশ থেকে আমিরাত রুটে ট্রানজিট ও কার্গো ফ্লাইট চালু রয়েছে।
এদিকে, দেশে আটকেপড়া অসংখ্য আমিরাত প্রবাসী কর্মস্থলে ফিরতে অপেক্ষার দিন গুনছেন। কারও কারও শেষ হয়ে গেছে ফিরতি টিকিটের মেয়াদ। ফ্লাইট চালু হলে নতুন করে টিকিটের সময় নবায়ন করতে হবে তাদের। চট্টগ্রামের রুবাইদুল রহমান দীর্ঘদিন ধরে দেশে আটকে আছেন। ৮ জুনের জন্য টিকিট করা থাকলেও সেটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তার মতো দুবাই প্রবাসী নাজিম উদ্দিনের ফেরার কথা ছিল ৬ জুন। প্রবাসী মোরশেদ আলমের টিকিটে আমিরাত ফেরার তারিখ ১৫ জুন। এ সময় আদৌ ফ্লাইট পাবেন কিনা, তা নিয়ে সন্দিহান তিনি। কবে নাগাদ আমিরাত রুটের ফ্লাইট স্বাভাবিক হচ্ছে, এ বিষয়ে কোনো তথ্য নেই বিমানের সঙ্গে সংশ্নিষ্ট কর্মকর্তাদের কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই অফিসের এক কর্মকর্তা বলেন, আমিরাত রুটে কবে নাগাদ ফ্লাইট স্বাভাবিক হবে, এটি এখনও বলা যাচ্ছে না। আমিরাতের সিভিল এভিয়েশন আমাদের জানানো মাত্রই আমরা ফ্লাইট সচল করতে পারব। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো সংকেত পাইনি আমরা।
দেশে আটকেপড়া প্রবাসীরা বিমানের টিকিট কেনার ব্যাপারে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, দীর্ঘমেয়াদি ছুটিতে যেতে আগ্রহীরা হয়তো কেউ কেউ তিন-চার মাসের ব্যবধান রেখে রিটার্ন টিকিট নিচ্ছেন। কিন্তু দুই-তিন দিন বা এক সপ্তাহের মধ্যে ফিরে আসার মতো টিকিট আমরা বিক্রি করছি না।
ইউএস-বাংলার দুবাইয়ের কান্ট্রি ম্যানেজার নাইমুল ইসলাম বলেন, আপাতত আমাদের কাছে কোনো নির্দেশনা নেই। জুলাই মাসেও ফ্লাইট স্বাভাবিক হবে কিনা সন্দেহ। ভারতে বর্তমানে করোনার যে পরিস্থিতি, এটি স্বাভাবিক হলে হয়তো ঈদের পর ফ্লাইট খুলে যেতে পারে। তবে আগামী ১৮ জুন থেকে ইউএস-বাংলার দুবাই থেকে ঢাকার ফ্লাইট চালু করছি আমরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com