স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ জুন ২০২১, ১৫:০১
ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় দুই নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ এবং কর্নেল (অব.) শাহজাহান।
গত সোমবার সকালে তারা একসঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের কারণ হিসেবে মেজর (অব.) হানিফ বলেন, বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। সোমবার আমি এবং কর্নেল (অব.) শাহজাহান একই সঙ্গে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি।
তবে তার অনুসারীদের বক্তব্য হচ্ছে, দলে দীর্ঘদিন ধরে থাকলেও এসব নেতাদের কখনো মূল্যায়ন করা হয়নি। তাদের সবসময় সাইডলাইনে বসিয়ে রাখা হয়েছিল। মেজর (অব.) হানিফ ২০১৩ ও ২০১৪ সালে রাজপথে আন্দোলন করে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং কারাগারেও ছিলেন। কিন্তু ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তাকে মূল্যায়ন করা হয়নি। অথচ তার থেকে কম পরিচিত ও কম ত্যাগীদের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

অন্যদিকে কর্নেল (অব.) শাহজাহান অবশ্য আগের কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তাকে কেন্দ্রীয় কোনো পদ দেয়া হয়নি। পিরোজপুর জেলা বিএনপির সদস্য ছিলেন তিনি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কর্নেল শাজাহান পিরোজপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাজনীতি থেকে অবসরে গেলেন নাকি দল থেকে পদত্যাগ করলেন এমন প্রশ্নের জবাবে মেজর (অব.) হানিফ বলেন, বিএনপি থেকে পদত্যাগ করেছি।
এদিকে হেভিওয়েট দুই নেতার পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com