স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ জুলাই ২০২১, ০১:৩০
দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। এটি আরও অন্তত এক সপ্তাহ বাড়বে বলে আভাস পাওয়া যাচ্ছে। এমনকি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আসন্ন কোরবানির ঈদ পর্যন্তও চলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনার বিস্তার রোধে গত ১ জুলাই বৃহস্পতিবার থেকে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে। সেই হিসাবে এটি শেষ হবে ৭ জুলাই। শেষ হওয়ার আগেই এ লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে কমিটি দেশজুড়ে করোনা সংক্রমনের লাগাম টানতে কমপক্ষে ১৪ দিন ‘শাটডাউন’-এর সুপারিশ করেছিল। এরই ধারাবাহিকতায় চলমান এ লকডাউন।
এদিকে লকডাউনের সময়কাল যদি বৃদ্ধি পায়, তাহলে খেটে খাওয়া দরিদ্র মানুষের ভোগান্তি-দুর্দশা আরও দীর্ঘ হবে। এমনিতে চলমান লকডাউনে রুটি-রুজি বন্ধ হয়ে যাওয়ায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী চরম মানবেতর জীবনযাপন করছে। ৩৩৩ নম্বরে ফোন করে প্রশাসনের কাছে খাদ্য সহায়তা চাওয়ার কথা বলা হলেও বেশিরভাগ হতদরিদ্র মানুষই এ পদ্ধতির সঙ্গে পরিচিত নন। ফলে তারা ফোন করে খাদ্য সহায়তা চান না। সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলছেন, ৩৩৩ নম্বরে ফোন আসে খুবই কম। এমন অবস্থায় লকডাউনের সময়সীমা আরও বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রেণির এসব মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। এ জন্য দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
লকডাউন যত বাড়বে, হতদরিদ্র মানুষের জীবন-জীবিকার সংগ্রামও ততই দীর্ঘায়িত হবে। করোনা সংক্রমণের হার এবং আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গতকাল রবিবার দেশে রেকর্ড ১৫৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে ৮ হাজার ৬৬১ জন এ মহামারীতে আক্রান্তের খবর দিয়েছে। এমন প্রেক্ষাপটে কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর বিকল্প কিছু দেখছেন না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com