স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ আগস্ট ২০২১, ১৮:৩৩
সামাজিক যোগাযোগমাধ্যমে সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং স্পেন আওয়ামী লীগের সভাপতি এসআরআইএস রবিনের বিরুদ্ধে মিথ্যা কুৎসা ও অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্পেন আওয়ামী লীগ। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিজভী আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সর্ব ইউরোপে আওয়ামী লীগকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্পেনে নানা গ্রুপে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সম্মেলনের মাধ্যমে এসআরআইএস রবিনের নেতৃত্বে একটি একটি শক্তিশালী কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটি অনুমোদন দেয়ার পর থেকে কিছু কুচক্রী মহল জামায়াত ও বিএনপির এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে। সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং স্পেন আওয়ামী লীগের সভাপতি এসআরআইএস রবিনের নামে ফেসবুকে ভুয়া আইডি থেকে মিথ্যা কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পরাজিত একটি স্বার্থান্বেষী মহল। আমরা স্পেন আওয়ামী লীগ নেতারা এসব স্বার্থান্বেষী মহলের সব অপপ্রচার নস্যাৎ করে দেব।
তিনি আরও বলেন, স্পেনে দেশবিরোধীদের সব অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যখন স্পেন আওয়ামী লীগের সভাপতি এসআরআইএস রবিন ভাই অগ্রণী ভূমিকা পালন করে চলছেন, তখন বিএনপি-জামায়াত- শিবির এবং হেফাজতের কিছু দুষ্কৃতকারী কুলাঙ্গার ঘাপটি মেরে বসে ভুয়া আইডি থেকে ফেসবুকে মিথ্যা অপবাদ চালাচ্ছে। স্পেন আওয়ামী লীগের নেতারা এসব কুলাঙ্গারের এ অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
এ সময় তিনি বলেন, স্পেন আওয়ামী লীগের সভাপতি এসআরআইএস রবিন স্পেনে অত্যন্ত জনপ্রিয় ও সামাজিক ব্যক্তিত্ব; তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সর্বাধিক ভোটে নির্বাচিত সাবেক সভাপতি। কিন্তু ষড়যন্ত্রকারীরা তার বিভিন্ন ছবি এডিট করে বিভিন্নভাবে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। শুধু তাই নয়, আমার বিভিন্ন বক্তব্যের ভিডিও এডিট করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে; যেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
আওয়ামী নামধারী অনুপ্রবেশকারীরা স্পেনে আওয়ামী লীগের শক্ত কমিটি ভেঙে তছনছ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিমের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, মো. কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আফসার হোসেন নিলুসহ নেতারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com