স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৫
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
ইতোমধ্যে খালেদার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়াতে মত দেওয়া হয়েছে। তার স্থায়ী মুক্তির আবেদনে এ মত দেয় আইন মন্ত্রণালয়।
এর অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কাছে একটি আবেদন নিয়ে এসেছিলেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণের জন্য আমরা সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আমি কিছুদিন বিদেশে ছিলাম,সবে ফিরেছি। আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে, সে অনুযায়ী প্রক্রিয়া চলছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, খালেদা জিয়ার সাজা স্থগিতের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর বিদেশ যাচ্ছেন। এক্ষেত্রে এ দিনটিই আছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
দুই মামলায় কারাবন্দী ছিলেন খালেদা জিয়া। তবে নির্বাহী আদেশে তার দণ্ড স্থগিত রয়েছে। গত এপ্রিলে করোনায় আক্রান্ত হন তিনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর নানা শারীরিক জটিলতা আছে।
তাই বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। পরে মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত ৭ সেপ্টেম্বর এ বিষয়ে মত দেয় তারা।
এতে বলা হয়, বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া। বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে। সেই সঙ্গে সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়বে। এতে প্রধানমন্ত্রী অনুমোদন দিলে তার দণ্ড স্থগিত করে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com