shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

বাংলাদেশের রেল খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ অক্টোবর ২০২১, ১৭:৩৮

বাংলাদেশের রেল খাতে বিনিয়োগে আগ্রহ তুরস্কের

বাংলাদেশের রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। রোববার (১০ অক্টোবর) রেল ভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। এসময় এ কথা জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘রেল খাতে আমরা বিদেশি বিনিয়োগ খুঁজছি। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে। আগামীতে বহু প্রকল্প নেয়া হবে। রেল খাতের উন্নয়নে আমাদের মহাপরিকল্পনা আছে। সেটি ধরে ধরে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছি।’

তিনি বলেন, ‘স্বাধীনতার সময় বাংলাদেশের রেললাইন ছিল ৩ হাজার কিলোমিটার। সেখানে বর্তমানে ২ হাজার ৮০০ কিলোমিটার হয়েছে। আমাদের রেলপথ যমুনা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত। পশ্চিমে ব্রডগেজ আর পূর্বে মিটারগেজ। আমাদের বেশির ভাগই সিঙ্গেল লাইন। আমরা পর্যায়ক্রমে সব সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগ নিয়েছি।’

নূরুল ইসলাম সুজন বলেন, জনগণের চাহিদার কথা বিবেচনা করে ২০১১ সালে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন। তখন থেকেই সরকার রেল খাতে বিনিয়োগ শুরু করে।

বর্তমানে চলমান কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন লাইন, যমুনা নদীর ওপর আলাদা রেলসেতুর নির্মাণকাজ চলছে। ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘আমরা নতুন নতুন লোকোমোটিভ ও প্যাসেঞ্জার কোচ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছি। কারখানাগুলোকে আধুনিকায়ন করছি। পর্যায়ক্রমে আমরা ইলেকট্রিক ট্রাকশনের দিকে যাব।’

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন, ‘যেকোনো দেশের পরিবেশবান্ধব, সহজ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রেলওয়ে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে গুরুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে রেল খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর কেনান কালাইসি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।