স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ নভেম্বর ২০২১, ১৭:০১
হেফাজতে ইসলামের সাবেক কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে এক নারীর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমানের আদালত এই আদেশ দেন। আগামী ১৪ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান বুলবুল বলেন, মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় এক নারীর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণ করা হবে।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অসুস্থ থাকায় জেলা ও দায়রা জজ আদালতে আজ এ মামলার শুনানি হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সোনারগাঁও থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক শফিকুল ইসলাম মামলাটি তদন্ত করে ১০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগে মামুনুল হকই একমাত্র আসামি। এর পরিপ্রেক্ষিতে আদালতে আজকে চার্জ গঠন হয়েছে।
তিনি বলেন, সকালে কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। আদালতের কার্যক্রম শেষে দুপুরে তাকে আবারও কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। তবে অভিযোগ গঠনের সময় আদালতে ভুক্তভোগী নারী উপস্থিত ছিলেন না।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com