স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৮ নভেম্বর ২০২১, ১৭:৩৯
নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রীদের থেকে কোনোভাবেই আদায় করা না হয় এ বিষয়ে পরিবহন মালিক শ্রমিকদের স্মরণ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সেতুমন্ত্রী। আজ সোমবার (৮ নভেম্বর) সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক ও শ্রমিকদের এ হুঁশিয়ারি দেন তিনি।
বর্ধিত ভাড়া গ্যাস অকটেন ও পেট্রলচালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। ট্রাক-কাভার্ড ভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান তিনি।
বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'দেশে কোনো ভয়ংকর পরিস্থিতি নেই।' তিনি বলেন, 'জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।'
'জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে, তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সরকারের অবস্থান কঠোর' উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষ নিয়েছে বলেই এ ধরনের বক্তব্য রাখছে।' তিনি বলেন, 'এদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ ঘটিয়েছে অগণতান্ত্রিক স্বৈর সরকার। তারাই রাজনীতিকে কলুষিত করেছে আর এ দায় বিএনপি কখনও এড়াতে পারবে না।'
ওবায়দুল কাদের বলেন, 'যারা মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যা করে স্বাধীনতার চেতনাবিরোধী ধারায় রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সিপাহী জনতার বিপ্লব নামে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনাকর্মকর্তাদের হত্যা করেছিলেন, সময় এসেছে তাদের মুখোশ উন্মোচন করার।'
'হাতের তালু দিয়ে বিএনপি আকাশ ঢাকতে চায় কিন্তু সত্য প্রকাশিত হবেই' উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'সত্যের বন্যা অপ্রতিরোধ্য।' তিনি বলেন, '১৯৭৫-এর ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত যেসব ষড়যন্ত্রমূলক ঘটনা সংঘটিত হয়েছে, তা জনসমক্ষে আনা হয়নি, কারো কারো কৃত্রিম ইমেজ তৈরি করা হয়েছে। তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সেসব ঘটনা এবং দায়ীদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।'
দলীয় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'মণ্ডপে হামলা করেছে যারা, আগুন জ্বালিয়েছে যারা, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে তারা বিএনপির ভাষায় দেশপ্রেমিক।'
'অভিযুক্তদের দেশপ্রেমিক কর্মী বলে বাঁচানোর চেষ্টা করছে বিএনপি' উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, 'পূজামণ্ডপে যারা হামলা করেছে ভিডিও ফুটেজ দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।'
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com