স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪৮
বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তাই নতুন করে দেশে লকডাউনের চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন বেড়ে যাওয়ায় বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই। এসময় প্রবাসীদের এই মুহূর্তে দেশে না আসার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশ ভালো এবং নিরাপদে আছে, চিন্তার কারণ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে।
জাহিদ মালেক বলেন, ৬০ বছরের ওপরে যারা আছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যে অনেক দেশেই বুস্টার ডোজ দেওয়া শুরু করেছেন। ভারতসহ পাশের কয়েকটি দেশেও বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের টিকার কোনো অভাব নেই। আমরা বুস্টার ডোজও দিতে পারব ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা করোনার পরীক্ষা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা জোরদার করেছি। আমাদের দেশ ভালো আছে, নিরাপদে আছে। আপনারা জানেন, আমরা দুই থেকে তিনজন করে মৃত্যুর খবর পাই। এই অবস্থা থাকলে বাংলাদেশে মৃত্যুর হার শূন্যে নেমে আসবে। আমাদের চিকিৎসা ব্যবস্থাও এখন অনেক উন্নত।
তিনি আরও বলেন, জেলা সফরে আমরা বিভিন্ন কার্যালয়ে চিঠি দিয়েছি, তারা যেন করোনা মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেন। বাইরে থেকে কেউ যদি আসে তাহলে তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা প্রস্তুত রয়েছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনবল বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে আট হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। টিকা কর্মসূচি আরও বেগবান করা হয়েছে। আমরা প্রথম ডোজ সাত কোটি দিয়েছি, দ্বিতীয় ডোজ ৪ কোটি দেওয়া হয়েছে। আজ টিকা প্রদান করা হলে ১১ কোটি ডোজ প্রদান করা হবে। এটাও একটা গণপ্রস্তুতি। কারণ ওমিক্রনকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে টিকা নিতে হবে।
মন্ত্রীর সঙ্গে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com