shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ ডিসেম্বর ২০২১, ১৮:৩৩

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রোববার (১২ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন লগ্নে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে আমরা বিস্মিত ও ব্যথিত। মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্ত দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে।’

তিনি বলেন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে কাজ করছে। জঙ্গিবাদ দমনে এই বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। তবে র‌্যাবের কেউই আইনের ঊর্ধ্বে নয়। নারায়ণগঞ্জর ঘটনায় তাদের অন্তত সাতজন মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। কোনও অভিযোগ থাকলে বাহিনী নিজে কিংবা মন্ত্রণালয় তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, দুদক যেকোনও তদন্তকাজ চালিয়ে যেতে স্বাধীন ভূমিকা পালন করছে। কিন্তু ঢালাওভাবে অভিযোগ এনে একটি বাহিনীর প্রধান এবং সাবেক কর্মকর্তাদের চিহ্নিত করে নিষেধাজ্ঞা দেয়া অযৌক্তিক। প্রকৃতপক্ষে এ সিদ্ধান্তই এক ধরনের মানবাধিকার লঙ্ঘন।

তিনি বলেন, ‘যে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সাধারণ মানুষ দিনের পর দিন বিভিন্ন  সিটিতে রাস্তায় নামে। তাদের অন্যদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোনও ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। আমরা নিশ্চিত এই সিদ্ধান্তের গভীরে বাংলাদেশ বিরোধী কিছু ব্যক্তি বা অপশক্তির রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’

ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রে আজ মানবাধিকার নিয়ে কথা বলছে, আমরা তাদের পরিস্থিতি নিয়ে আগে পর্যবেক্ষণের অনুরোধ করছি। জর্জ ফ্লয়েডের মৃত্যু গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে।এ নিয়ে মার্কিন প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। সেখানে দৃশ্যমান বর্ণবাদ বিরাজ করছে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য এবং নিপীড়ন প্রশ্নে খোদ জাতিসংঘের উদ্বেগ প্রকাশিত হয়েছে। মেক্সিকো-ইউএসএ সীমান্তে কতজন মারা গেছেন? যেখানে বন্দুক হামলায় প্রতিবছর লাখো মানুষ মারা যান, নির্বাচনে হেরে যে দেশের ক্যাপিটাল হিল দখল করতে গিয়ে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়-সব বিশ্ববাসী লক্ষ্য করেছে। দেখেছে মার্কিন গণতন্ত্রের স্বরূপ ও তাদের মানবাধিকারের চেহারা।

অভ্যন্তরীণ গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সূচকসমুহে যুক্তরাষ্ট্রের দুর্বলতার কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বারবার উল্লেখ করেছে জানিয়ে তিনি বলেন, খোদ সংস্থাটির প্রতিনিধিকে সফরে বাধা দেয় তারা। বঙ্গবন্ধুর কোনও কোনও খুনি এখনও দেশটিতে লুকিয়ে আছে।যুদ্ধাপরাধীরাও সেদেশে পালিয়ে আছে।

কাদের বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর অবলেবার রবার্ট রেইচ এক টুইট বার্তায় বিশ্বকে জানান, শুধু ২০২০ সালে সেদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে ৯৮৪টি।২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর  বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে ৬ হাজার ৬০০টি। প্রতিবছর সেখানে প্রায় ১ হাজার মানুষ বিনা বিচারে মারা যায়, যা বিভিন্ন তথ্য থেকে জানা যায়।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়েছিল জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে খাদ্য সংকটের সময় ১৯৭৪ সালে কিউবার কাছে পাট বিক্রির অজুহাতে খাদ্যবাহী জাহাজ মাঝপথ থেকে ফিরিয়ে নিয়েছিলো যুক্তরাষ্ট্র।৭১'র গৌরবময় মুক্তিযুদ্ধ এবং ৭৫'র বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিষয়ে তাদের ভূমিকা নিয়ে প্রশ্নচিহৃ ঝুলে আছে। তবুও বন্ধুত্বের প্রশ্নে স্পর্শকাতর এ বিষয়গুলোকে বাধা হয়ে দাঁড়াতে দেইনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।