স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২১, ১৫:৩৪
মালদ্বীপের রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) রাজধানী মালের প্রেসিডেন্ট কার্যালয়ে এই বৈঠকে একটি চুক্তি ও দু'টি সমঝোতা স্মারক সই হয়। পরে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন সমস্যা এবং জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলাসহ রোহিঙ্গা ইস্যুতে এক হয়ে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬দিনের মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার মালে’র জামহুরি ময়দানে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির রাষ্ট্রপতি ইবরাহিম মোহাম্মদ সলিহ।
সাদা রঙ্গের সি ক্রুজে চরে জামহুরি ময়দানে যান প্রধানমন্ত্রী। সেখানে দেশটির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দুই দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর সম্মানে তোপধ্বনি দেয়া হয়। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
এরপর দু'দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এই বৈঠকে দুই দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের উপস্থিতিতে দ্বৈত কর পরিহার ও বন্দি বিনিময় বিষয়ক চুক্তি এবং স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ উন্নয়ন সহযোগিতায় সমঝোতা স্মারক সই হয়।
বৈঠক শেষে যৌথ বিবৃতিতে মালদ্বীপের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাথে মালদ্বীপ সব সময়ই সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মালদ্বীপের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। দিনে দিনে বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হচ্ছে।
বিকেলে দেশটির সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে রাষ্ট্রপতি আয়োজিত ভোজ সভায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com