shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

শতভাগ যাত্রী নিয়ে চলবে বাস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জানুয়ারি ২০২২, ১৪:৫৮

শতভাগ যাত্রী নিয়ে চলবে বাস

করোনার সংক্রমণ রোধে সরকারের নতুন বিধিনিষেধ অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার থেকে গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু শেষমেশ আসনের সমানসংখ্যক যাত্রী বহনের দাবি মেনে নিয়েছে সরকার। আগামীকাল শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে আসনের সমান যাত্রী তোলা যাবে। দাঁড়িয়ে যাত্রী কিংবা বাড়তি ভাড়া নেওয়া যাবে না। তবে করোনার টিকার সনদ ছাড়া চালক ও শ্রমিকরা বাস চালাতে পারবেন না বলে যে শর্ত রয়েছে, তা বহাল রেখেছে সরকার। গতকাল সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, সবাইকে মাস্ক পরতে হবে। বাসে স্যানিটাইজার রাখতে হবে। আসনের সমানসংখ্যক যাত্রী পরিবহনের অনুমতি দিতে যাচ্ছে সরকার। তিনি বলেন, ‘সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম মৌখিকভাবে বিষয়টি মালিক সমিতিকে জানিয়েছেন। বাসের আসনের সমানসংখ্যক যাত্রী পরিবহনের নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ শিগগির দিতে পারে।’

এদিকে যান চলাচলের শর্ত হিসেবে পরিবহনকর্মীদের টিকা সনদের ব্যাপারে ভিন্নমত রয়েছে পরিবহন নেতাদের। তারা বলছেন, ৯৫ শতাংশ চালক শ্রমিক এখনো টিকা পাননি বা নেননি।

তা হলে বাস কে চালাবে? এ সিদ্ধান্তের ফলে গণপরিবহন বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে চালক-শ্রমিকদের কীভাবে দ্রুততম সময়ে টিকা দেওয়া যায়, তাতে জোর দেওয়া হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আলাপ চলছে। চালক-শ্রমিকরা যেন পরিচয়পত্র অথবা লাইসেন্স দেখিয়ে টিকা নিতে পারেন, সে প্রস্তাব করা হয়েছে।

আসনের সমানসংখ্যক যাত্রী পরিবহনের অনুমতি সরকার দিয়েছে কিনা- সে বিষয়ে সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি। তিনি বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘অর্ধেক আসন খালি রেখে বাস চালালে পরিবহন সংকট হতে পারে- এমন আশঙ্কায় আসনের সমানসংখ্যক যাত্রী পরিবহনে সরকারের কাছে প্রস্তাব করা হয়েছিল। সরকার প্রস্তাবটি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে। শনিবারের আগেই সিদ্ধান্ত জানানো হবে।’

করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে লঞ্চ ও ট্রেনও অর্ধেক আসন খালি রেখে চলার কথা। বাসের মতো লঞ্চ ও ট্রেনেও আসনের সমান যাত্রী তোলা যাবে কিনা, সে বিষয়ে গতকাল রাত পর্যন্ত জানা যায়নি। রেল সচিব ড. হুমায়ুন কবির বলেন, ‘সরকারি নির্দেশনা মেনে শনিবার থেকে অর্ধেক সিট খালি রেখে ট্রেন যাত্রী পরিবহন করবে। এ নির্দেশনায় এখন পর্যন্ত পরিবর্তন আসেনি।’

গত বুধবার দুপুরে পরিবহন মালিক, শ্রমিক, পুলিশ ও ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে বিআরটিএর বৈঠকে সবাই একমত হন যে, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত সব খোলা রেখে অর্ধেক আসন খালি রেখে বাস চললে তীব্র পরিবহন সংকট হবে। এ যুক্তিতে সরকারি নির্দেশনা পরিবর্তনের দাবি জানান মালিকরা। অন্যথায় চালক-শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিতে পারেন বলেও সরকারকে হুশিয়ার করেছিলেন পরিবহন মালিকরা।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ও বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, করোনার টিকা না নেওয়া চালক-শ্রমিকরা বাস চালাতে পারবেন না। চালক, শ্রমিক, যাত্রী ও টিকিট কাউন্টারের সঙ্গে সংশ্লিষ্টদের মাস্ক পরতে হবে। বাসে স্যানিটাইজার রাখতে হবে। যাত্রার শুরুতে ও শেষে বাস জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। যাত্রী ওঠানামায় সামাজিক দূরত্ব মানতে হবে।

২০২০ সালে করোনা সংক্রমণ রোধে ‘লকডাউন’-এ ২৫ মার্চ থেকে ৬৮ দিন গণপরিবহন বন্ধ ছিল। ওই বছরের ১ জুন অর্ধেক সিট খালি রাখার শর্তে বাস চালু হয়। তখন ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে মালিকদের দাবিতে ২০২০ সালের সেপ্টেম্বরে ‘যত সিট তত যাত্রী’ নিয়ম চালু হলে বর্ধিত ভাড়া প্রত্যাহার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।