স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫২
করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজের গণটিকাদান কর্মসূচির বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ আরও দুইদিন বাড়ানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ গণটিকা কার্যক্রম চলবে আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাক্সিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, টিকা নিতে সাধারণ মানুষের আগ্রহ দেখে গণটিকার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন।
যেসব টিকা কেন্দ্রে ভিড় বেশি থাকবে সেসব কেন্দ্রে দুইদিন টিকা দেওয়া হবে জানিয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, কোন কোন কেন্দ্রে দুইদিন টিকা দেওয়া হবে সে বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।
আজ টিকাকেন্দ্রে যতক্ষণ ভিড় থাকবে ততক্ষণ টিকা দেওয়া হবে বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
জানা গেছে, দেশের ২৮ হাজার বুথে টিকা দেওয়া হচ্ছে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে নিযুক্ত আছেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকসহ মোট এক লাখ ৪২ হাজার জন।
দেশের প্রত্যেকটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল রয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেওয়া হচ্ছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারাদেশে ১ কোটি মানুষকে টিকাদান কর্মসূচি চলছে। সারাদেশে অসংখ্য মানুষ প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলোতে ভিড় করছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com