সিরাজগঞ্জ প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০১
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, মিথ্যাচারের কারনে দেশের মানুষ আজ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মিথ্যাচার ছাড়া বিএনপি আর কিছুই পারেননা।
রাজনৈতিক ভাবে আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলায় এওয়ার্ড পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও একে অপরকে টপকাতে বিএনপির কেন্দ্রীয় বেশির ভাগ নেতাই মিথ্যাচার করেন।
দুঃস ময়ের ত্যাগী নেতাকর্মীদের ক্ষমতায় আনা হবে। অর্থ দিয়ে রাজনীতি কেনা যাবেনা উল্লেখ করে তিনি বলেন, যারা শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছেন তাদেরকেই ক্ষমতায় আনা হবে, নেতা নির্বাচন করা হবে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এখন বিশ্ব নেতারাও করেন। তারা দেশে এসে সবাই শেখ হাসিনার প্রশংসা করে গিয়েছেন। কারন তারা শেখ হাসিনার উন্নয়ন দেখেন কিন্তু বিএনপি দেখেনা এবং তারাই শুধু প্রশংসা করেন না। আরও একটি পক্ষ আছে যাদের সারাদিন দেখা যায়না কিন্তু মাঝরাতে টিভির পর্দায় দেখা যায়না।
বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তাই তারা নির্বাচন চান না। তাই তারা নির্বাচন ছাড়া মির্জা ফখরুলকে ক্ষমতায় আনতে চায়।
বিএনপির দু-একজন নেতা নতুন নির্বাচন কমিশন ভালো ও নিরপেক্ষ হয়েছে বলায় বিএনপির আরও মাথা ঘুরে গেছে। এখন তারা ষড়যন্ত্রের জাল বুনছে, গুজব ও কুতসা রটানোর চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব রাজনীতিতে পড়ে জানিয়ে নেতাকর্মীদের এবিষয়ে সজাগ থাকতে বলেন তিনি।
শ্রমিকের মূল্য বেড়েছে ও তারা ভালো আছেন জানিয়ে তিনি বলেন, এখন একজন শ্রমিকের মূল্য দিয়ে তিনি ১২-১৫ কেজি চাল কিনতে পারেন। দেশে আর কাঙ্গাল নাই উল্লেখ করে বলেন, এখন কেও মারা গেলে কাঙ্গাল ভোজ দিলে এখন আর কোনও কাঙ্গাল আসেনা, বড়লোকরাই আসে। দেশে আর কাঙ্গাল খুঁজে পাওয়া যায়না। শুধু তাই নয় দেশে এখন আর গ্রামাঞ্চলেও আগের দিনের বাসীভাত পাওয়া যায়না। এটাই হলো প্রধানমন্ত্রীর কারিশমা।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের দাম বড় কথা নয় বরং ক্রয়ক্ষমতা আছে কি না এটাই বড় কথা কারন, যখন এক আনায় দুই কেজি চাল পাওয়া যেতো তখনো মানুষ দুর্ভিক্ষে মারা গেছেন। কিন্তু এখন মানুষ না খেয়ে মারা যায়না কারন মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বেড়েছে।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার এর সঞ্চালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সদস্য ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস।
সম্মানিত বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে সাংসদ তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আংশিক) আসনের সাংসদ ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (চৌহালী-বেলকুচি) আসনের সাংসদ মোমিন মণ্ডল, সিরাজগঞ্জ-৫ (উল্লাপাড়া) আসনের সাংসদ তানভীর আহমেদ।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৫ সালের ৮ জানুয়ারী সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আজকের এই সম্মেলন ঘিরে একদিকে যেমন নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি অন্যদিকে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, প্রবীণ ও নতুনের নেতৃত্বে আরও শক্তিশালী হবে সিরাজগঞ্জ আওয়ামীলীগ এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com