স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ মার্চ ২০২২, ২২:৪৬
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ’ খেয়ে সহোদর দুই শিশুর মৃত্যুর ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার রাজধানীতে বাংলাদেশে সোসাইটি অব মেডিসিনের সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ওই ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে; যে ফার্মেসি থেকে ওষুধ নেওয়া হয়েছিল, সেটি বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সিরাপগুলো সংগ্রহ করা হয়েছে। আমাদের তদন্ত কমিটি কাজ করছে। অপেক্ষা করছি রিপোর্ট কী আসে। সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নাপার ওই ব্যাচের ওষুধ বাজার থেকে সরিয়ে নেওয়া হবে কিনা, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ঔষধ প্রশাসন অধিদপ্তর যা যা করা প্রয়োজন, তা করছে। আমাদের স্বাস্থ্যসেবা বিভাগও বিষয়টির ওপর কাজ করছে। ব্যবস্থা নেওয়া হবে, সেটা আপনারা দেখতেই পারবেন।’
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে ৭ ও ৫ বছর বয়সী দুই ছেলের জ্বর আসার পর বৃহস্পতিবার রাতে স্থানীয় দোকান থেকে নাপা সিরাপ কিনে শিশুদের খাওয়ায় পরিবার। এরপর তাদের বমি শুরু হয়। হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হলেও বাড়ি ফিরিয়ে আনার পথে দুজনই মারা যায়। এ প্রেক্ষাপটে নাপা সিরাপের একটি ব্যাচের ওষুধ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com