স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ মার্চ ২০২২, ২২:৫২
‘স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই নাকি ইতিহাস বিকৃতি করেছে,- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগকে চরম অসত্য, ভিত্তিহীন এবং ‘পাগলের প্রলাপ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৮ মার্চ) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে একথা বলেন।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কখনও ইতিহাস বিকৃত করে না, বরং প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরে বলেই বিএনপির গাত্রদাহের কারণ হয়।
বিএনপিকে এদেশের ইতিহাস বিকৃতির জনক উল্লেখ করে তিনি বলেন, তারাই ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করেছে।
ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, যার নেতৃত্বে বাঙালি জাতির হাজার বছরের আরাধ্য যে কাঙ্ক্ষিত স্বাধীনতা আসে, সেই বঙ্গবন্ধু বিএনপির শাসনামলে হয়ে যায় এক নিষিদ্ধ নাম। মুক্তিযুদ্ধের রণধ্বনি ‘জয় বাংলা’ শ্লোগানকে বিএনপি নিষিদ্ধ করে দেয়, বন্ধ করে দেয় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার।
গণমাধ্যম থেকে পাঠ্যপুস্তক পর্যন্ত সব জায়গা থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার অপপ্রয়াস চালানো হয় জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ইতিহাস বিকৃতির ঘৃণ্য চর্চা বিএনপি আবারও শুরু করেছে।
তিনি বলেন, বিএনপি নেতারা তাদের চেয়ারপারসন বেগম জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং দণ্ডপ্রাপ্ত, পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বানানোর মতো ঘৃণ্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
বর্তমান প্রজন্ম প্রকৃত ইতিহাস আজ জানতে পারছে, যারা ইতিহাসের পায়ে শিকল পরিয়েছিলো আজ তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে, শুরু করেছে পুরনো খেলা, চর্চা করছে অগণতান্ত্রিক পথ। কিন্তু জনগণ এখন সজাগ।
‘আওয়ামী লীগের সময় নাকি শেষ হয়ে এসেছে’ - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নয়, সময় শেষ হয়ে এসেছে বিএনপি'র অপরাজনীতির।
তিনি বলেন, জনগণের আস্থায় এখন আর বিএনপি নেই। জনগণ এখন আর বিশ্বাস করে না হাঁটুভাঙা, পরাশ্রয়ী বিএনপি এ দেশের জন্য ভালো কিছু করতে পারবে।
‘স্বাধীনতার ৫০ বছরে আমরা কি পেলাম?’ মির্জা ফখরুলের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, পরাধীনতার শৃঙ্খল মুক্তির অর্ধশতক পর যারা বলেন স্বাধীনতার ৫০ বছরে কি পেলাম, - প্রকৃতপক্ষে তারাই স্বাধীনতাকে হৃদয়ে ও চেতনায় ধারণ করেনা, সে প্রশ্নই এখন চলে আসে।
ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে আবারও বলেন, যারা এদেশে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলো তারা যখন বলেন স্বাধীনতার ৫০ বছরে কি পেলাম তখন আসলে এটাই প্রতীয়মান হয়, তারা এদেশের মানুষের কল্যাণে কিছুই করেনি। তাই তারা দেশের কোনো ভালো অর্জন দেখতে পায় না।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com