স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ এপ্রিল ২০২২, ১৭:১৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের প্রবল স্রোত কাকে বলে আপনি দেখবেন। সেই স্রোত আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সরকারের দিকে ধেয়ে যাবে। আপনার প্রতিটি গ্রেফতার বিরোধীশক্তিকে আরও শক্তিশালী করছে। জনগণের আন্দোলনের স্রোতে আপনারা ভেসে যাবেন, সেই প্রস্তুতি জনগণ নিচ্ছে।’
মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
দেশে শক্তিশালী বিরোধী দল নেই প্রধানমন্ত্রী শেখা হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, ‘আপনি বিরোধীদলকে গোরস্থানে রেখে শক্তিশালী বিরোধীদলের কথা বলেন। বিরোধীদল শক্তিশালী বলেই আপনি তাদের গোরস্থানে পাঠাছেন। বিরোধীদল শক্তিশালী বলেই গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রেখেন।’
রিজভী বলেন, ‘বিএনপি বিরোধীদল হিসেবে এতই শক্তিশালী, আপনি এতই ভয় পান যে, তরুণ উদ্দীয়মান নেতা ইশরাককেও বন্দি করেন। মজনুর মতো তরুণ নেতাকে বন্দি করে রেখেছেন। শেখ ফরিদ আহমেদ মানিক, সুমন ভূঁইয়াদের মতো তরুণ নেতাদের বন্দি করে রাখেন।’
পার্লামেন্টে মমতাজের গান হয়, কিন্তু বিরোধীদলের ডিবেট হয় না মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘এখন তো আর কেউ নেই। একটা পাতানো পার্লামেন্ট করেছেন। সেই পার্লামেন্টে বিরোধীদল নেই। কারণ সেই পার্লামেন্টে স্বচ্ছ ভোটের মাধ্যমে হয়নি। তাই সেই পার্লামেন্টে মমতাজের গান হয়, কিন্তু সেখানে বিরোধীদলের ডিবেট হয় না। এভাবে আপনি একটা অনুগত পার্লামেন্ট বানানোর চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে যে স্বাভাবিক কর্মকাণ্ড-আমরা সরকারের সমালোচনা করবো। বিভিন্ন সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবো। সেই বিরোধীদলের শক্তিকে সরকার এত ভয় পায় যে, তাদের নেতাদের কারাগারে আটকে রাখা হয়। কিন্তু ক্ষমতা যে চিরস্থায়ী নয়, সেটা বোঝার ক্ষমতা আপনার নেই।’
প্রতীকী অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণতন্ত্র ফোরামের অন্যান্য নেতারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com