স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ আগস্ট ২০২২, ২৩:৪৫
কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে বিতর্কের মধ্যেই পদত্যাগ করেছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া।
মঙ্গলবার (২৩ আগস্ট) ডিএসই চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। অক্টোবরের শেষে তার পদত্যাগ কার্যকর করার কথা বলা হয়েছে পদত্যাগপত্রে। ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার ডিএসই থেকে ১২৭ জন কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়। এরমধ্যে জিএম থেকে সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) পদে দুজন, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) থেকে জিএম পদে তিনজন, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) থেকে ডিজিএম পদে তিনজন, সিনিয়র ম্যানেজার থেকে এজিএম পদে ১৯ জন, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার পদে ১৫ জন, ডেপুটি ম্যানেজার থেকে ম্যানেজার পদে ২৯ জন, সিনিয়র এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার পদে ২৯ জন ও এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার পদে ১০ জনকে পদোন্নতি দেওয়া হয়।
এছাড়া জুনিয়র এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ পদে ছয়জন, সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে জুনিয়র এক্সিকিউটিভ পদে একজন, অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে দুজন, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে একজন ও জিএসএস থেকে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ছয়জনকে পদোন্নতি দেওয়া হয়।
এ পদোন্নতি দিয়ে বিতর্কের মধ্যে পড়েন ডিএসইর এমডি তারেক আমিন ভূঁইয়া। অভিযোগ ওঠে, নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটিকে (এনআরসি) বাদ দিয়ে এমডি একক সিদ্ধান্তে তিন কর্মকর্তাকে ডিজিএম থেকে জিএম করেছেন। ডিএসইর নিয়ম অনুসারে ডিজিএম পর্যায়ের কোনো কর্মকর্তাকে পদোন্নতি দিতে এনআরসির সুপারিশ লাগে। কমিটি যাচাইবাছাই করে পদোন্নতির সুপারিশ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমন পদোন্নতি দেওয়ায় গতকাল সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এমডি তারেক আমিন ভূঁইয়াকে তোপের মুখে পড়তে হয়। এমনকি, পর্ষদ সভার একপর্যায়ে তাকে সভায় না রাখার সিদ্ধান্ত হয়। ফলে এমডির অনুপস্থিতেই পর্ষদ সভার বাকি অংশ অনুষ্ঠিত হয়। এমন পরিস্থিতিতে একদিন না যেতেই পদত্যাগপত্র জমা দেন ডিএসইর এমডি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com