স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ ডিসেম্বর ২০২২, ১৮:০২
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিতরণ নেটওয়ার্ক শক্তিশালী করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হবে। ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার ও সাবস্টেশন এবং অটোমেশন, সেন্ট্রাল স্ক্যাডা বিতরণ ব্যবস্থাকে শক্তিশালী করবে। অপটিক্যাল ফাইবারসহ ভূগর্ভস্থ ক্যাবল নেটওয়ার্ক ডুয়েল সোর্সের মাধ্যমে নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করবে।
আজ বৃহস্পতিবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ডিপিডিসি) ৬টি উন্নয়ন প্রকল্পের সাইট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা শহরের বৈদ্যুতিক তার ও সাবস্টেশন ভূগর্ভস্থ করার প্রক্রিয়া চলামান। এতে মান সম্পন্ন বিদ্যুৎ পাওয়ার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্ন শহর গড়তে সহায়তা করবে।
নসরুল হামিদ বলেন, জ্বালানি সরবরাহ বাড়াতে ব্রুনাই, কাতার, সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। আগামী বছর যেন লোড শেডিং না হয় সরকার সেই চেষ্টা করছে। আশা করছি লোড শেডিং সহনীয় পর্যায়ে থাকবে। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার যে প্রভাব, সেটা অস্বীকার করার উপায় নেই। এর মধ্যেও আমরা জনভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করব।
ডিপিডিসি’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পটির আওতায় নতুন ১৪টি ১৩২/৩৩ কেভি ও ২৬টি ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণ করা হবে এবং বিদ্যমান ৮টি ১৩২/৩৩ কেভি ও ৪টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি করা হবে। ঢাকা শহরের ভূমির দুষ্প্রাপ্যতা বিবেচনায় আধুনিক এবং উচ্চক্ষমতা সম্পন্ন ৩৫/৫০ এমভিএ ৩৩/১১ কেভি পাওয়ার ট্রান্সফর্মার স্থাপন করা হচ্ছে।
এ সময় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান উপস্থিত ছিলেন।
এই ধরনের পাওয়ার ট্রান্সফর্মার বাংলাদেশে এই প্রথম ডিপিডিসি কর্তৃক স্থাপন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ধানমন্ডি এলাকার ২০ কিলোমিটার বিদ্যমান ওভারহেড বিতরণ লাইন কে ভূগর্ভস্থ ক্যাবল নেটওয়ার্কে রূপান্তর করা হবে। ফলে, তারের জঞ্জাল থেকে মুক্ত হয়ে ধানমন্ডি এলাকা হবে দৃষ্টি নন্দন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা হবে নিরবচ্ছিন্ন। হাতিরঝিল এলাকার ওভারহেড ট্রান্সমিশন লাইন ও টাওয়ার অপসারণ করে আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপন করা হবে, যা ঐ এলাকার নান্দনিক সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি করবে। এ ছাড়া টঙ্গীতে ১টি অত্যাধুনিক ম্যাকানাইজড ওয়্যার হাউজ নির্মাণ করা হচ্ছে যার সঙ্গে ওপেন হ্যাঙ্গার সংযুক্ত থাকবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com