স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ ডিসেম্বর ২০২২, ০০:৪৪
পাসপোর্টে দেওয়া তথ্য সংশোধন করে দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদন নিষ্পত্তির জন্য পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে পাসপোর্টের তথ্য পরিবর্তন ও সংশোধনে একটি অঙ্গীকারনামা দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, বাংলাদেশের ভেতরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করতে হবে।
তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যেকোনো একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে। সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অধিদপ্তরের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক দাখিল করতে হবে।
পরিপত্রে আরো বলা হয়, সুরক্ষা সেবা বিভাগ থেকে এর আগে ২০২১ সালের ২৮ এপ্রিল, একই বছরের ৯ ডিসেম্বর এবং চলতি বছরের ৩ নভেম্বর জারি করা এসংক্রান্ত পরিপত্রগুলো এই পরিপত্র দ্বারা বাতিল করা হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখ স্বাক্ষরিত এ পরিপত্রে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com