স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ জানুয়ারি ২০২৩, ২৩:৩৬
বিএনপির এমপিদের পদত্যাগের ফলে শূন্য হওয়া ছয়টি আসনের উপনির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। ছয়টির মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছে দলটি। দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিকদের জন্য। আর একটি উন্মুক্ত রাখা হয়েছে।
রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে গণভবনের সামনে সাংবাদিকদের এ ব্যাপারে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, উপনির্বাচনে ৬টির মধ্যে তিনটিতে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তারা হলেন বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ। এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কাস পার্টিকে এবং বগুড়া-৪ আসনে জাসদের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন সবার জন্য উম্মুক্ত রাখা হয়েছে বলে জানান কাদের।
সরকার পতনে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ই-মেইলযোগে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান বিএনপির সাত এমপি আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জিএম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।
পরে ১১ ডিসেম্বর সশরীরে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির ৬ এমপি। এরপর ১৮ ডিসেম্বর তাদের মধ্যে পাঁচজনের ছেড়ে যাওয়া আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
তবে সেদিন এমপি হারুন বিদেশে থাকায় তার পদত্যাগপত্র স্পিকার গ্রহণ করেননি। স্পিকার তখন জানান, হারুনকে সশরীরে এসে পদত্যাগপত্র দিতে হবে। এরপর ২২ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন হারুন। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরে ২৬ ডিসেম্বর হারুনের আসনেও ভোটের তারিখ একই দিনে রেখে তফসিল ঘোষণা করে ইসি। ফলে বিএনপি ছেড়ে যাওয়া ৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে (মহিলা আসন-৫০) ভোটের তারিখ এই ছয় আসনের ফয়সালা হওয়ার পর ঘোষণা করা হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com