স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ জুন ২০২৩, ১৩:০৭
আমাদের ভুলত্রুটি আছে, কোনও সরকারই শতভাগ নির্ভুল নয়। তবে ভুলত্রুটি শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সংবাদ সংস্থা আয়োজিত 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগ: বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার মাইলফলক' গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেছেন, আমাদের একটি সমস্যা হলো যে, আমরা উন্নয়ন দেখেও দেখি না, বরং সমালোচনা করি। আমাদের ভুলত্রুটি আছে, কোনও সরকারই শতভাগ নির্ভুল নয়। তবে ভুলত্রুটি শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে। গণমাধ্যমকর্মীদের বলতে চাই, সমালোচনা করার পাশাপাশি যেন সফলতার কথাও উঠে আসে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বদলে গেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ১৪ বছর আগে দেশে খাদ্য ঘাটতি ছিল, এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, নিম্ন আয়ের থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কসমেটিক উন্নয়নে বিশ্বাসী নন, তিনি টেকসই উন্নয়নে বিশ্বাসী। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, একসময় শিল্প খাত থেকে জিডিপির পরিমাণ ৬ শতাংশের নিচে ছিল, এখন তা ৩০ শতাংশ। প্রধানমন্ত্রী যখন ১০০টি শিল্পাঞ্চল তৈরির ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকেই টিপ্পনী কেটেছিলেন। আজ ২৫-৩০টা শিল্পাঞ্চল তৈরি হয়ে গেছে। সবগুলো শিল্পাঞ্চল তৈরি হলে আমরা শিল্পোন্নত দেশে পরিণত হবো।
এসময় আরও উপস্থিত ছিলেন— প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন, উদ্যোক্তা আঁখি সিদ্দিকা প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com