স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ জুলাই ২০২৩, ১১:০৯
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সামাজিক অপরাধের পাশাপাশি দেশে রাজনৈতিক অপরাধ বেড়েছে।
রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘কমিটি পছন্দ হলো না, তাই সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, প্রতিহিংসায় মানুষকে আক্রমণ তো রাজনৈতিক অপরাধ। রাজনীতির নামে মানুষ পোড়ানো ও আগুন দেওয়া পৃথিবীর অন্য কোথাও ঘটে কিনা জানা নেই।
তিনি বলেন, ক্রাইম রিপোর্টিং একটি ঝুঁকিপূর্ণ বিট। যখন অপরাধ বিটের সাংবাদিকরা কোনো অপরাধীর বিরুদ্ধে নিউজ করে তখন সে ক্ষেপে যায়। ক্রীড়া ও বিনোদন বিটের সাংবাদিকদের কোনো ঝুঁকি নেই। তবে রাজনৈতিক বিটেও ঝুঁকি আছে।
সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ক্র্যাবের ৪০ বছর হলো। আজও আপনারা ঐক্যবদ্ধ আছেন। অন্যদিকে ডিআরইউও ঐক্যবদ্ধ আছে। আপনারা কেউ বিভক্ত হননি। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। রাজনৈতিকভাবে বিভক্ত হবেন না।
ইউটিউব ও ভূঁইফোড় পত্রিকার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, অনেক সময় গ্রামের মানুষ বোঝে না কোনটা টিভি আর কোনটা ইউটিউব। যারা ইউটিউবে চ্যানেল খুলে নিউজ প্রকাশ করছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আগামীতে আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ্যাক্রিডিটেশন কার্ড সম্পর্কে তিনি বলেন, বিশ্বের অন্য দেশগুলোর সচিবালয়ে প্রবেশের জন্য এত কার্ড নেই। সবাই এটা বাতিলের পক্ষে বলেছে, একমাত্র আমি বলেছি এটার পক্ষে। এখন আগের তুলনায় অ্যাক্রিডেশন কার্ড অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
দেশ সমাজ রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে এমন রিপোর্টিং জরুরি উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় আসে তখন টেলিভিশন ছিল ১০টি, এখন ৩৫টি সম্প্রচারে আছে। পত্রিকা ছিল সাড়ে ৪০০, এখন ১২০০।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, ক্র্যাবের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক নেতা ও সাধারণ সদস্যরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com