স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ জুলাই ২০২৩, ১০:৪৪
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার চায় বিএনপি পূর্ণ শক্তি নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক।
সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি থেকে বলা হচ্ছে, তারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আর সরকার বিএনপি নেতাদের নামে মামলা দিচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ২০১৮ সালের মতো নয়, আমরা চাই বিএনপি পূর্ণ শক্তি নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক।
মন্ত্রী বলেন, একদিকে তারা বলছে নির্বাচনে যাবে না, আবার বলছে আমাদের নির্বাচন থেকে বিরত রাখতে চাচ্ছে। আমরা কাউকে নির্বাচন থেকে বিরত রাখতে চাচ্ছি না। আমরা চাই, বিএনপি নির্বাচনে আসুক এবং সংবিধান মেনে নির্বাচন হবে, তাতে তারা অংশ নিক।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করে বিরোধী দলকে দমন এবং জনগণের অধিকার হরণের চেষ্টা করছে- এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমরা কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না। বরং এর সহজলভ্যতার সুযোগ নিয়ে বিএনপি সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে সরকারদলীয় নেতাদের চরিত্র হনন করছে।
হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুলকে অনুরোধ করব পেছনে ফিরে তাকাতে। তারা যখন ক্ষমতায় ছিলেন তখন ৫০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন। এখন বাংলাদেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এ ইন্টারনেট সার্বজনীন করেছে বর্তমান সরকার।
যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় একটি পর্যবেক্ষক দল ২৮ জুলাই ঢাকায় আসবে, তারা নির্বাচনের পরিবেশ নিয়ে একটি প্রতিবেদনও দেবে- এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রতিনিধি দল আসতেই পারে, আসলে ভালো। বাংলাদেশের নির্বাচন কেমন হবে সেটা দেখার আগ্রহ প্রকাশ করছে। আমরাও চাই তারা আসুক, নির্বাচন পর্যবেক্ষণ করুক।
মন্ত্রী বলেন, এখানে নির্বাচন পরিস্থিতি ভালো। নির্বাচনের পরিবেশ কেউ নষ্ট করছে কিনা- সেটা এখন দেখার বিষয়। কেউ যদি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয় সেটি নির্বাচনের পরিবেশ নষ্ট করার শামিল। নির্বাচন যে কেউ বর্জন করতে পারে, কিন্তু নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নেই।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com