স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪
লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যাকবলিতদের জন্য মানবিক সহায়তা দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন উড়োজাহাজ।
মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে বিমান বাহিনী ঘাঁটি ‘বঙ্গবন্ধু’-তে উড়োজাহাজটি অবতরণ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
লিবিয়ায় সম্প্রতি ভয়াবহ বন্যার মধ্যে ঘূর্ণিঝড় আঘাত হানায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজ লিবিয়ায় পাঠানো হয়।
আইএসপিআর জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় ১১ হাজার কেজি নানাবিধ শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণসামগ্রী নিয়ে সি-১৩০জে পরিবহন উড়োজাহাজটি ১৬ জনের একটি দল নিয়ে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা থেকে লিবিয়ায় যায়। বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মেজবাহ উদ্দিন মিশন কমান্ডারের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থেকে উড়োজাহাজটি লিবিয়ায় রওয়ানা হওয়ার প্রাক্কালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক ব্রিফিং দেন। একইসঙ্গে বাংলাদেশে অবস্থিত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এসএম সুলাইমান লিবিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করেন।
এই ত্রাণবাহী উড়োজাহাজ লিবিয়ার বেনগাজীর বেনিনা বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত বিমান বাহিনী দলটিকে স্বাগত জানান। সেখানে লিবিয়ার স্থানীয় সরকারমন্ত্রী বাংলাদেশের পাঠানো এ ত্রাণসামগ্রী গ্রহণ করেন।
আইএসপিআর বলেছে, বিষয়টি লিবিয়ার স্থানীয় মিডিয়ায় ও আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। লিবিয়া প্রশাসন এ ব্যাপারে বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সার্বিক নির্দেশনায় মিশনটি পরিচালিত হয় বলেও জানিয়েছে আইএসপিআর।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com