shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

২৮ অক্টোবর বিএনপিরই পতন যাত্রা শুরু হবে : তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ অক্টোবর ২০২৩, ১৮:৫৪

.

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২৮ অক্টোবর সরকারের নয় বরং বিএনপিরই পতন যাত্রা শুরু হবে এবং শিগগিরই তাদেরকে নির্বাচন পরবর্তী আন্দোলনের ঘোষণা দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব এডিটরস কাউন্সিল সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি এ কথা বলেন। কাউন্সিলের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার এবং পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বিশেষ অতিথির বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কিছু দিন আগে বলেছিল অক্টোবর মাসে ফাইনাল খেলা। তারপর বলল, পূজার পরে। আবার বিএনপি মহাসচিব গতকাল বলেছিলেন, ২৮ তারিখ তারা সরকারের পতনের দাবিতে সমাবেশ করবেন আর আজকে নাকি তার আগেই সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এখন মানুষ হাস্যরস করে বলে, এটা এবারের ২৮ তারিখ না কি আগামী বছরের না কি তার পরের বছরের। কারণ গত প্রায় ১৫ বছর ধরে আমরা এই আন্দোলনের হুমকির মধ্যে আছি এবং বাস্তবতা হচ্ছে বিএনপির কর্মীরা ছাড়া জনগণের সেখানে কোনো সম্পৃক্ততা নাই। এ সময় রাজনীতির শান্তিপূর্ণ চর্চার উদাহরণ তুলে ধরে গত বুধবার একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ সম্পর্কে মন্ত্রী বলেন, বুধবার ঢাকা শহরে দু’টি বড় সমাবেশ হয়েছে, যার মাঝে দূরত্ব ছিল মাত্র ২ কিলোমিটার। কিন্তু এ নিয়ে ঢাকা শহরে বিন্দুমাত্র কোনো গন্ডগোল হয় নাই। রাজনীতির চর্চাটা এ রকমই হওয়া প্রয়োজন।

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে সমস্ত পৃথিবী এই বর্বরতার প্রতিবাদ জানিয়েছে শুধু বিএনপি এ প্রসঙ্গে একটি কথাও বলে নাই- এ কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তার মানেটা কি, তারা শুধু বেগম জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি নিয়েই ব্যস্ত। আজকে যে পুরো পৃথিবী এর বিরুদ্ধে কথা বলছে সেটি তাদের কানে পৌঁছায় না। এটি অত্যন্ত দুঃখজনক, আশ্চর্যজনক। প্রতিবাদ না জানিয়ে বিএনপি কার্যত এই বর্বরতা, এই শিশুহত্যার পক্ষ অবলম্বন করেছে, ইসরাইলের পক্ষ অবলম্বন করেছে।

‘সাবাস সোনার বাংলাদেশ’ সঙ্গীত উদ্বোধন : গীতিকার হাসানুজ্জামান মাসুমের কথা, বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীত এবং গাজী শুভ্রর নির্দেশনায় দেশের বরেণ্য ১০ শিল্পীর গাওয়া দেশাত্মবোধক আধুনিক গান ‘সাবাস সোনার বাংলাদেশ’ সঙ্গীত উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রখ্যাত সঙ্গীতশিল্পী নকীব খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, এলিটা করিম, দিলশাদ নাহার কণা, সোমঙ্গুর মনির কোনাল, কিশোর দাস, জামান সাইফ, সাজ্জাদ হোসেন শাওন ও ইমরান মাহমুদুল গানটিতে কণ্ঠ দিয়েছেন।
বৃহস্পতিবার অপরাহ্নে সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভিডিও সঙ্গীতটির উদ্যোক্তা গীতিকার হাসানুজ্জামান মাসুম এবং শিল্পী প্রতিনিধি হিসেবে ফাহমিদা নবী বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।