shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

বিদেশী পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৩, ২৩:১৯

.

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশী পর্যবেক্ষকদের আগ্রহ প্রমাণ করে দেশে একটি স্বচ্ছ, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে এবং তাদের আগমন ভালো নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, তফসিল ঘোষণার আগে এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার সময় অনেক ধরনের শঙ্কা-আশঙ্কার কথা অনেকে ব্যক্ত করেছিল, বিদেশি পর্যবেক্ষকরা আসবে কিনা, সে নিয়েও নানা মত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেক দেশ থেকে বিদেশী পর্যবেক্ষকরা আসার আগ্রহ জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ দেশী-বিদেশী সংস্থার পাশাপাশি ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি এবং আরব লীগ পর্যবেক্ষক পাঠাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। অর্থাৎ সবসময় যেভাবে পর্যবেক্ষকরা আসে ঠিক একইভাবেই আসবে। এতেই প্রমাণিত হয় দেশে নির্বাচনী ঢেউ বয়ে যাচ্ছে, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, মানুষ এবং দেশ পুরোপুরিভাবে নির্বাচনমুখি হয়েছে।

তিনি বলেন, পর্যবেক্ষকদের আগমন একটি স্বচ্ছ, সুন্দর, ভালো নির্বাচন করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এবং এখনও যারা নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে ক্রমাগতভাবে অবরোধ ডাকছে তারাও বুঝতে পেরেছে যে, জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন হতে যাচ্ছে।

নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালীভাবে কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন নির্বাচন কমিশন অত্যন্ত বলিষ্ঠ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যেমন, বিভিন্ন থানার ওসিদের বদলি, ইউএনওদের বদলি এমন কি ডিসি বদলি। পূর্বের নির্বাচন কমিশনগুলোর সময় এত ব্যাপক হারে বদলি ঘটেনি।

নির্বাচনে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, একটি উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সংবাদপত্রে, টেলিভিশনে ও অনলাইন গণমাধ্যমে নির্বাচনী খবরাখবর প্রচার এবং নির্বাচনী উৎসব যে গ্রামেগঞ্জে শুরু হয়ে গেছে সেটি প্রচার করলে এই উৎসবের মাত্রা আরো বাড়বে, নির্বাচনে মানুষের অংশগ্রহণও বাড়বে।

এ সময় দ্রব্যমূল্য নিয়ে প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, গত দুই সপ্তাহে বেশির ভাগ দ্রব্যের মূল্য কমেছে। গরুর মাংস আমার এলাকায় সাড়ে ৫শ’ টাকা কেজি করে বিক্রি হচ্ছে মাইকিং করে। যেটি কয়েকদিন আগেও সাড়ে ৭শ’ থেকে ৮শ’ টাকা ছিল। শাকসবজিসহ অন্যান্য পণ্যের দামও কমেছে। ভারত পেঁয়াজ রফতানি মার্চ পর্যন্ত বন্ধ করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বাজারে দাম বেড়ে যাওয়ার কারণ আমাদের কিছু পাইকারি ও খুচরা ব্যবসায়ীর অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ। ভোক্তা অধিকার সংস্থা এ নিয়ে অভিযান শুরু করেছে, ১৩৩ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে। এতে করে বাজারে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে কিন্তু পুরোপুরি আসেনি। তবে পেঁয়াজের দাম খুব সহসা কমে যাবে। কারণ, এক সপ্তাহের মধ্যে বাজারে দেশী পেঁয়াজ বাজারে আসা শুরু করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।