স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩১ জানুয়ারি ২০২৪, ০০:১৬
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতার পাশাপাশি অপতথ্য দমন করাও প্রয়োজন।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরাফাত বলেন, ‘গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা দরকার, এ ব্যাপারে এই সমাজে কারো কোনো দ্বিমত নেই। একই সাথে অপতথ্যকেও দমন করা দরকার। অপতথ্য যে সমাজে আছে, সে ব্যাপারেও কারো কোনো দ্বিমত নেই। এটিই যদি সত্য হয় এবং আমরা যদি একমত হই এটি দমন করার উপায়, আমরা সবাই কেন খুঁজে বের করছি না? তাহলে কি আমাদের মধ্যে অনেকে সামনে এক কথা বলছি, আর পেছনে আরেক কথা বলছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যেটা বলব সামনে পেছনে সমান কথা বলতে হবে। তাহলে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনা যাবে। দিন শেষে সিদ্ধান্তটা নিতে হবে বৃহত্তর স্বার্থে। সবার স্বার্থে, দীর্ঘমেয়াদে যেটা ভালো সেটা। কোন সিদ্ধান্ত নিয়ে আমরা সবাইকে খুশি করতে পারব না। কিছু কিছু জায়গায় আমি মৌলিক পরিবর্তন সত্যি সত্যি আনতে চাই। সুযোগ যেহেতু পেয়েছি।’
‘মোড়লরা’ অপতথ্য ছড়াচ্ছে দাবি করে আরাফাত বলেন, ‘আমি চিন্তা করব স্ট্র্যাটেজির জায়গা থেকে। আমার দেশের ওপরে যে ধরনের আক্রমণ আসছে, মোড়লরা যে ধরনের অপতথ্য ছড়িয়ে... কি করে এরা? প্রথমে তারা কিছু এনজিওকে টাকা-পয়সা দেবে। তাদেরকে দিয়ে তথাকথিত কিছু রিসার্চ করাবে, সেখান থেকে সংবাদ সম্মেলন করে কিছু তথ্য আনবে। তাদের ইনভেস্টমেন্টে গণমাধ্যমের মধ্যে কিছু আউটলেট তৈরি করবে। সেখান থেকে আবার রেফারেন্স ক্রিয়েট করবে। এভাবে করতে করতে একটি নেগেটিভ ইমেজ তৈরি করে ফেলবে। সেটা করে আবার সিদ্ধান্ত নিয়ে আপনার ওপর স্যাংশন চাপাবে।’
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের একটি সাইকেলের (চক্র) মধ্যে আমরা আছি। আমি যেটা বলছি এটা গল্প না। এগুলোর বিস্তারিত আমি বলতে পারি, তথ্য-প্রমাণ আমাদের হাতে আছে। এগুলোকে আমি ফাইন্ড আউট করবো, নাকি ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধান্তের মধ্যে আমার মাথা ঢুকাবো।’
আরাফাত বলেন, ‘অনেকে বলে, আপনি কিছুদিনের মধ্যে দু-বার এমপি হলেন। দলের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। প্রতিমন্ত্রী হলেন। আমি বলেছি- কোন পদে আছি আমি সেটা চিন্তা করি না। আমার লড়াই একটা জায়গায় আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি মুক্তিযুদ্ধের চেতনার জন্য লড়াই করছি। আজকে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন কিছুদিন আগে, কতগুলো কংগ্রেস ম্যান বিশাল একটি সংখ্যা দিয়েছে যে, এত জন বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে। কিভাবে পেল এই নাম্বারটা আমরা তাদেরকে জিজ্ঞাসা করব।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনায় বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, আমিও চিন্তা করেছি, আমাদের যে জনসংযোগ কর্মকর্তারা রয়েছেন তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আজকের বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে হ্যান্ডেল করতে হয়, সেটা নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। আমি বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের মধ্যে একটা সহযোগিতার কাঠামো তৈরি করতে চাই। যাতে আমরা দ্রুত তথ্য বিনিময় করতে পারি।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com