স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ জুন ২০২১, ১৭:৪৩
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খুইয়ে সৌদি আরব প্রবাসী একরাম হোসেন শাহিন দিশেহারা হয়ে পড়েছেন। সর্বস্ব হারিয়ে তিনি রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। তবে রাস্তায় গড়াগড়ি দিয়ে তার কান্নাকাটির ছবি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় সেটি ভাইরাল হয়েছে। এরপর তা পুলিশ প্রশাসনের নজরে আসে। ডাকাতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
ফেনীর দাগনভূঞার বাসিন্দা শাহিন জানান, প্রায় ৩ বছর পর ছুটি নিয়ে বুধবার তিনি দেশে আসেন। ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাড়া করা গাড়িতে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার ভোরে সোনারগাঁয়ের মোগড়াপাড়ায় তিনি ডাকাতদের কবলে পড়েন। তার ভিসাযুক্ত পাসপোর্ট, ফেরত যাওয়ার টিকিট, দুটি লাগেজ ভর্তি মালামাল, দুটি আইফোন, স্বর্ণালঙ্কার, নগদ ৫৭ হাজার টাকা ও ২৫০ সৌদি রিয়াল ডাকাতরা নিয়ে গেছে।
গত শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, ডাকাতদের খুঁজে বের করতে স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে সক্ষম হবে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, শাহিনের মালামাল উদ্ধার ও ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। আশা করছি খুব শিগগিরই সুখবর দিতে পারব। দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ হোসেন জানান, শাহিনের বাড়ি দাগনভূঞাতে হলেও ঘটনাস্থল সোনারগাঁ হওয়ায় সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে সোনারগাঁ থানার সঙ্গে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।
জানা গেছে, দাগনভূঞার আলাইয়ারপুর গ্রামের সিএনজিচালক লোকমান হোসেনের ছেলে শাহিন। দুই ভাই ও দুই বোনের মধ্যে শাহিন সবার ছোট। তার বিয়ের জন্য কনে ঠিক করা হয়েছে। বিয়ে উপলক্ষ্যে গহনা ও নতুন জামাকাপড় নিয়ে তিনি ফিরছিলেন। ক্ষোভ প্রকাশ করে লোকমান হোসেন জানান, আমার সব স্বপ্ন তাসের ঘরের মতো উড়ে গেল। শাহিনের লুট হওয়া সব অর্থ ও মালামাল উদ্ধারের দাবি জানান তিনি। ডাকাতদের গ্রেফতার ও শাস্তি চান। দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে ২০১৮ সালের সেপ্টেম্বরে শাহিন সৌদি আরব যান। তার বাবা ধার দেনা করে তাকে বিদেশ পাঠান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com