কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ০৪ জুলাই ২০২১, ১৬:৪০
গাজীপুরের কালিয়াকৈরে মাত্র চারদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে আপন দুভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর পর পরিবারসহ আশপাশে জ্বর আতঙ্ক থাকলেও স্বাস্থ্য বিধি মানছেন না ওই গ্রামের মানুষ। তবে উপজেলা প্রশাসনের দাবী, সরকারের কঠোর লকডাউনের বিধি-নিষেধ মানতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকার মৃত মহসিন আলীর ছেলে মামুন হোসেন (৫০), তার ছোট ভাই শহিদুল ইসলাম শহীদ (৪৫) ও প্রতিবেশী তরফ আলীর ছেলে বছির উদ্দিন (৪৫)।
এলাকাবাসী, নিহতের পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ওই তিনজনের মৃত্যু হয়েছে। শহীদুল গত ২৮ জুন করোনার উপসর্গ নিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি হন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। কিন্তু নমুনার রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যু হয়। পরে রিপোর্টে দেখা গেছে তিনি করোনা পজিটিভ ছিলেন। হাসপাতালের পরের দিন মঙ্গলবার বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর একই উপসর্গ দেখা দিলে তার বড় ভাই মামুন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান।
সেখানে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করিয়েছেন। তাঁর রিপোর্টেও করোনা পজিটিভ আসে এবং ওই হাসপাতালে ভর্তি হন। কিন্তু গত শনিবার বিকেল সাড়ে ৫টা দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন করোনার উপসর্গ নিয়ে প্রতিবেশী বছির উদ্দিনের মৃত্যু হয়। মাত্র চারদিনের ব্যবধানে আপন দুভাইসহ একই গ্রামের তিনজনের মৃত্যুতে তাদের পরিবার ও গ্রামবাসী আতঙ্কে রয়েছেন। এছাড়াও ওই গ্রামের বেশ কিছু লোকের মাঝে জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় আরো বেশি আতঙ্কিত হচ্ছে স্থানীয়রা। কিন্তু গ্রামবাসী আতঙ্কে থাকলেও সেখানে বিভিন্ন দোকানপাট খোলা রয়েছে। বাজার, রাস্তা-ঘাটে রয়েছে জন সমাগমও। তাদের মধ্যে স্বাস্থ্য বিধির বালাই না থাকায় করোনা বাড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সচেতন মহলের লোকজন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি মন্ত্রী মহোদয় ও ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। আগামীকালের মধ্যেই ওই গ্রামের সাথে সব ধরণের যোগাযোগ ও চলাচল বন্ধ করে দেওয়া হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে (সাজ্জাদ) জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে একই এলাকায় তিনজন মারা গেছেন। তবে স্বাস্থ্য বিধি না মানার বিষয়ে তিনি বলেন, কঠোর লকডাউনে স্বাস্থ্য বিধি মানতে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ওই গ্রামেও অভিযান চালানো হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com