বাগেরহাট প্রতিনিধি ০৯ ডিসেম্বর ২০২১, ১৪:৫৩
বাগেরহাটের মোল্লাহাটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা নাগাত নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। ঘটনার পর থেকে লোক লজ্জায় গা ঢাকা দিয়েছেন ওই নারী ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনা শোনার পর বুধবার দুপুরে মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর এক প্রতিবেশি বলেন, সকাল বেলা চুনখোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কাউছার চৌধুরীসহ বেশকিছু লোক এসে প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে দেয়। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তারা মারধরও করে প্রবাসীর স্ত্রীকে। এ সময় স্থানীয় কয়েকজন মুঠোফোনে এই নির্যাতনের ভিডিও ধারণ করে।
ভিডিওতে তো আপনাকেই ওই নারীকে পেটাতে দেখাযায় এমন প্রশ্নে ইউপি সদস্য কাউছার চৌধুরী বলেন, আমি পিটাইনি। স্থানীয়রা পিটিয়েছেন।
এই বিষয়ে ওই নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তার সন্ধ্যান পাওয়া যায়নি।
ইউপি সদস্য কাওসার চৌধুরী বলেন, ‘ওই নারী দীর্ঘদিন ধরে একাধিক মানুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে আসছিল। সোমবার রাতে তার প্রতিবেশি ও স্থানীয়রা এক লোকের সঙ্গে অসামাজিক অবস্থায় তাকে হাতে-নাতে ধরে ফেলে ওই নারীকে। স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে আমি ওই এলাকায় যাই। এলাকাবাসীই ওই নারীকে পিটিয়েছে। আমি পিটাইনি।’
মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মন্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার এসেছিলেন। আমাকে এ ধরণের কাজ করতে নিষেধ করে গেছেন।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বলেন, বিষয়টি শোনার পরই পুলিশকে অবহিত করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মন্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তবে ওই নারীকে তারা খুজে পায়নি। ওই নারীর পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com