কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ০২ জানুয়ারি ২০২২, ১৭:৪০
গাজীপুরের কালিয়াকৈরে একটি আঞ্চলিক সড়কের পুরাতন ইট বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ওই সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।
এলাকাবাসী, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের জালশুকা-দরবাড়িয়া সড়কের সংস্কার চলছে। সড়কটির দরবাড়িয়া অংশে প্রায় বছর সাতেক আগে কাপের্টিং করা হয়। সড়কের বাকী প্রায় ১ হাজার মিটার অংশ জালশুকা বাজার থেকে ইটভাটা পর্যন্ত ইট সলিং ছিল।
গত ১৫ই নভেম্বর সড়কের ওই ১ হাজার মিটার পর্যন্ত সংস্কার কাজের অনুমোদন হয়। কাবিখা প্রকল্পের আওতায় ৫৩ টন গম বরাদ্দের কাজটি তদারকি করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়। কিন্তু কাজের শুরুতেই কয়েক লাখ টাকার বিনিময়ে সড়কের পুরাতন ইটগুলো বিক্রি করার অভিযোগ উঠেছে। সড়কের ইটগুলো কিনে নিয়েছেন স্থানীয় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ নামে একটি ইটবালু ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর নিয়ম অনুযায়ী অসহায় হতদরিদ্র জনবল দিয়ে কাবিখার কাজ করার কথা থাকলেও ভেকু দিয়ে চলছে প্রকল্পের কাজ। গরিবের হক মেরে দিচ্ছে ওই প্রকল্পের সংশ্লিষ্টরা।
এছাড়া সিডিউল অনুযায়ী মাটি ফেলে সড়ক উঁচু ও প্রসস্থ করার কথা থাকলেও সেটা মানা হচ্ছে না। অনিয়মের মাধ্যমে সড়ক ঘেষে নদীর তীরের মাটি কেটে ভরাট করা হলেও আগামী বর্ষায় ভেঙ্গে যাওয়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ওই অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী, প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা সদস্য আমেনা খাতুন ও তার স্বামী জাকিরসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। অপরদিকে পাশের মালিকানাধীন জমি থেকে ভেকু দিয়ে জোরপূর্বক মাটি কেটে নেওয়া হচ্ছে। নষ্ট হচ্ছে দুই ফসলি কৃষি জমি। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সড়কের ইট কেনা ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের’ এক সত্ত¡াধিকারী আসাদুল ইসলাম জানান, ওই মহিলা মেম্বারের সাথে থাকেন সাইফুল নামে এক ব্যক্তি। তিনি ওই সড়কের পুরাতন ইটগুলো আমাদের কাছে বিক্রি করেছেন। তবে কত টাকায় ইটগুলো কিনেছেন তা জানাননি তিনি।
ওই প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা সদস্য আমেনা খাতুন জানান, শ্রমিক পাওয়া যায় না বলেই ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। এছাড়া রাস্তার ইটগুলো বিক্রি করা হয়নি, ইটগুলো রাস্তাই আছে। তবে রাস্তার ইটগুলো মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি ও ইটগুলো ওই প্রতিষ্ঠানের থাকলেও এটা জানা নেই বলেও জানান তিনি।
সড়কের অনিয়মের কথা অস্বীকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম মোবাইল ফোনে জানান, সড়কের পুরাতন ইটগুলো আমাদের নয়। তাছাড়া আমাদের কাজ হচ্ছে রাস্তার উন্নয়ন করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ওই রাস্তার বিষয়ের অভিযোগটি এখনো আমার হাতে পৌছায়নি। আর রাস্তার ইট বিক্রির বিষয়টি জানা নেই জানিয়ে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com