shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

১১ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো

  সিরাজগঞ্জ প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৬

১১ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো

সিরাজগঞ্জের এনায়েতপুরে বেতিল ওয়াপদা বাঁধের খালে সেতু না থাকায় যাতায়াতের মাধ্যম হিসেবে সরু বাঁশের সাঁকোই এখন একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানালেও কোনো কাজ হয়নি। ফলে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে পারাপার করতে হচ্ছে উপজেলার ১১ গ্রামের মানুষকে।

সরেজমিন দেখা যায়, চৌহালী উপজেলাধীন সদিয়া চাঁদপুর ইউপি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় ও বেতিল ইউনিয়ন ভূমি অফিসের পূর্বপাশে নড়বড়ে একটি বাঁশের সাঁকো। দেড় ফুট চওড়া এ সেতু দিয়ে উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম এনায়েতপুর হাট থেকে সপ্তাহিক হাট-বাজার শেষে বাড়ি ফিরছে যমুনা চরের মানুষ। এ সময় খালের পূর্ব পাড় থেকে মোটরসাইকেল নিয়ে সরু সেতুতে উঠে পড়েছে এক আরোহী। এ সময় চরম বিপত্তিতে পড়ে সাঁকো পারাপারকারীরা।

জানা গেছে, দেওয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিনদহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সংকটর হাটি উচ্চ বিদ্যালয়, বেতিল স্কুল অ্যান্ড কলেজ, খামারগ্রাম, শেখ আব্দুস ছালাম মিসবাহুল উলুম মাদ্রাসাসহ প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, যমুনা চরের বহু জমির ফসল এবং কয়েক হাজার তাঁত কারখানার শত শত শ্রমিক নিয়মিত যাতায়াত করে এই সেতু দিয়ে। গ্রামবাসী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে নির্মিত এই বাঁশের সাঁকো দিয়ে ১১ গ্রামের মানুষ যাতায়াত করে।

এনায়েতপুর নদী বাঁচাও আন্দোলনের সভাপতি শেখ শামীম হোসেন, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম ও শিক্ষার্থী জাকারিয়া হুসাইন বলেন, বাঁশের সাঁকোটি দিয়ে প্রায় ১১টি গ্রামের মানুষ যাতায়াত করে। বিশেষ করে দুই শতাধিক শিক্ষার্থী সকাল-বিকাল যাতায়াত করে। বর্ষার সময় খুব সমস্যা হয়। একটি কংক্রিটের সেতু হলে রাস্তাঘাটও ভালো হতো। সবার জন্য খুব সুবিধা হতো।

শেখ আব্দুস ছালাম মিসবাহুল উলুম মাদ্রাসার শিক্ষক শামীম রেজা ইমন বলেন, গুরুত্বপূর্ণ এ খালে একটি কংক্রিটের সেতু নির্মাণে বারবার আবেদন করা হলেও কেউ কর্ণপাত করছে না। এতে জনদুর্ভোগ আরও বাড়ছে। দ্রুত একটি সেতু নির্মাণ হলে পাল্টে যাবে পিছিয়ে পড়া চরাঞ্চলের মানুষের জীবনমান।

সদিয়া চাঁদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ বলেন, সেতু হলে প্রায় ১১ গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব হবে। চেয়ারম্যান হিসেবে প্রথমেই অধিক গুরুত্ব দিয়ে এখানে কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানাই। চৌহালী উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, খুব দ্রুতই বেতিল ওয়াপদা বাঁধের খালে সেতু নির্মাণ করা হবে। এজন্য এমপি মহোদয়ের নির্দেশে সার্বিক কার্যক্রম এগিয়ে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।