shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

রাঙ্গুনিয়ায় নির্বাচনি সহিংসতায় প্রাণ হারালেন সৌদি প্রবাসী

  চট্টগ্রাম প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৬

রাঙ্গুনিয়ায় নির্বাচনি সহিংসতায় প্রাণ হারালেন সৌদি প্রবাসী

দেশে বেড়াতে এসে নির্বাচনি সহিংসতায় প্রাণ হারালেন মো. ইউসুফ আলী (৪২) নামে এক সৌদি প্রবাসী। দশ দিন লড়ে শনিবার ভোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ইউসুফ আলী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের আবদুল হাকিমের ছেলে। অভিযোগ উঠেছে, ওই ইউনিয়নে পরাজিত মেম্বার প্রার্থীসহ তার লোকজন ইউসুফের ওপর নৃশংস হামলা চালিয়েছে। নির্বাচনে ইউসুফের ভাই মেম্বার নির্বাচিত হন।

মাত্র চার মাসের জন্য দেশে বেড়াতে আসা ইউসুফ আলীর আগামী মার্চে সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট থেকে চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বগারবিল ইছামতি ব্রিজ এলাকায় তার ওপর হামলা হয়। ১৫ থেকে ১৭ জন দুর্বৃত্ত ছুরি, লোহার রডসহ লাঠিসোটা নিয়ে তাকে আক্রমণ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ওইদিন থেকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল তাকে। দশ দিন পর শনিবার ভোরে মারা যান ইউসুফ।

নিহত ইউসুফ দেড় বছর পর ২৬ নভেম্বর দেশে বেড়াতে এসেছিলেন। তার ছোট ভাই মো. আবু তৈয়ব তালুকদার ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেন। আবু তৈয়ব নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি। নির্বাচনে এ ওয়ার্ডে তার (আবু তৈয়ব) প্রতিদ্বন্দ্বী ছিলেন আজগর আলী নামে এক ব্যক্তি। নির্বাচন ঘিরে এ ওয়ার্ডে একাধিকবার সংঘাত ঘটে। এমনকি নির্বাচনের পরও আবু তৈয়ব ও তার এক সমর্থকের ওপর পৃথক হামলার অভিযোগ আছে পরাজিত প্রার্থী আজগর আলী ও তার সমর্থকদের বিরুদ্ধে।

এসব ঘটনায় থানায় মামলাও হয়। সর্বশেষ ২ ফেব্রুয়ারি প্রবাসী ইউসুফ আলীর ওপর হামলার ঘটনা ঘটে। দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ইউসুফ আলী। ছোট মেয়ে সাবিহা আকতারের বয়স মাত্র এক বছর। জন্মের পর এবারই প্রথম দেখা হয় ছোট মেয়ের সঙ্গে। তার অপর দুই সন্তানের মধ্যে দশ বছর বয়সি বড় মেয়ে ইসতেহা তালুকদার সোমা পড়ছে ৬ষ্ঠ শ্রেণিতে। মেঝো ছেলে সাত বছর বয়সি কায়সার তালুকদার পড়ছে দ্বিতীয় শ্রেণিতে।

এদিকে ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় ৬ ফেব্রুয়ারি তার স্ত্রী শাহিনুর আকতার শাহীন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিরা হলো-আজগর আলী, টিপু, মামুন, নেজাম উদ্দিন নাজু, আলী আকবর, মাহাবুবুল আলম, সাগর, সুবিন, আলমগীর, আইয়ুব আলী খান, মোহসিনুল হক ও আবু তালেব।

মামলার এজাহারে বলা হয়, আসামি আজগর আলী চাইনিজ কুড়াল দিয়ে ইউসুফের মাথায় উপর্যুপরি আঘাত করে। নাজু কিরিচ দিয়ে ইউসুফের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আকবর ও মাহবুব আলম ইউসুফের দুই পা ধরে রাখে এবং টিপু রড দিয় পায়ে আঘাত করে হাড় ভেঙে দেয়। মামুনও দুই পায়ে রড দিয়ে আঘাত করে। সাগর ও মুবিন চাইনিজ কুড়াল দিয়ে ইউসুফের শরীরে আঘাত করে। আলমগীর ছোরা দিয়ে ইউসুফের ডান বাহুতে কোপায়। মোহসিনুল হক ও আবু তালেব অজ্ঞাতনামা আসামিদের নিয়ে রাস্তায় পথচারীদের বাধা ও পাহারা দেয়।

নিহতের ছোট ভাই ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, নির্বাচনে হেরে গিয়ে বারবার আমার এবং স্বজনদের ওপর হামলা চালাচ্ছে পরাজিত প্রার্থী আজগর আলী। তার হামলার ঘটনায় প্রথমে দুটি মামলা করা হয়েছিল। সেই দুই মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিলে আমার বড়ভাই খুন হতেন না। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

ইউসুফের স্ত্রী শাহিনুর আকতার শাহিন বলেন, ‘আমি স্বামী হত্যার বিচার চাই। যারা আমার প্রবাসী স্বামীকে নির্মমভাবে খুন করেছে তাদের ফাঁসি চাই।’ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, এ ঘটনায় মামুন ও আবু বক্কর নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজন জামিনে আছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।