shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ইউক্রেন থেকে ফিরেই বিয়ে করার কথা ছিলো হাদিসুরের

  বরগুনা প্রতিনিধি ০৪ মার্চ ২০২২, ০০:০১

ইউক্রেন থেকে ফিরেই বিয়ে করার কথা ছিলো হাদিসুরের

ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি' রকেট হামলার শিকার হয়েছে। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান আরিফ (৩৩) নিহত হয়েছেন।

নিহত হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে। তিনি বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানের আপন চাচাতো ভাই মাদরাসা শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। এর আগে বুধবার (২ মার্চ) রাত ১০টার দিকে ইউক্রেন থেকে ওই জাহাজে থাকা অন্যরা বাড়িতে ফোন করে হাদিসুরের মৃত্যুর খবর জানায়। হাদিসুরের মৃত্যুর খবরে পুরো বরগুনা জুড়ে শোক নেমে এসেছে।

উপজেলা চেয়ারম্যান জানান, চার ভাই বােনের মধ্যে হাদিসুর রহমান দ্বিতীয়। চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে ৪৭ ব্যাচে লেখাপড়া শেষ করে বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার পদে যোগ দেন হাদিসুর।

তিনি বলেন, এবার বাড়ি ফিরলেই হাদিসুরকে বিয়ে করানো হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাঁচদিন আগে হাদিসুর তার মাকে মোবাইলে জানিয়েছিল যুদ্ধে আটকা পড়ার কথা। তখন থেকেই আমরা শঙ্কায় ছিলাম, শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। এখন তো আরও দুশ্চিন্তায় আছি, মরদেহ দেশে আনব কিভাবে। সকালে জেলা প্রশাসকের কাছে যাব, মরদেহ দেশে আনার বিষয়ে সহযোগীতা চাইতে।

প্রসঙ্গত, সিরামিকের কাঁচামাল 'ক্লে' পরিবহনের জন্য 'বাংলার সমৃদ্ধি' জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। সেখান থেকে কার্গো নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল। যুদ্ধাবস্থা এড়াতে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করেই দ্রুত ফেরত আসার নির্দেশনা দেয় শিপিং কর্পোরেশন। অপরদিকে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরোতে পারছিল না জাহাজটি।

সবশেষ বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটিতে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান আরিফ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। জাহাজের বাকি ২৮জন নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন। জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।