এম এ আজিজ, ময়মনসিংহ ১৪ এপ্রিল ২০২২, ১৭:০৯
মহামারি করোনার কারণে দীর্ঘ দুই বছর পর পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় শহর ময়মনসিংহে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর মুকুল নিকেতন স্কুলের সামনে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (ভারপ্রাপ্ত ডিআইজি) শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গল শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে শেষ হয়।
প্রতি বছর বৈশাখ পালনে নগরবাসীর নজর কাড়তে মঙ্গল শোভাযাত্রায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের ও হারিয়ে যাওয়া লোকজ শিল্পের জীবন্ত রূপে ফুটিয়ে তোলা হতো। এ সময় রাস্তার দু’ধারে শতশত উৎসুক নগরবাসী ভীড় জমাতেন। তবে এ বছর তেমন কোন আমেজ নেই বললেই চলে। অনেকটা সাদামাটা বৈশাখ পালন এই বিভাগীয় নগরীতে। এ নিয়েও চলছে নানা আলোচনা।
অনেকের মতে, দীর্ঘ ত্রিশ বছর পর এ ধরণের সাদামাটা ও লোক সমাগমহীন পহেলা বৈশাখ ময়মনসিংহে পালিত হলো। আবার অনেকে দাবি করছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের অধ্যাপক আমীর আহাম্মদ চৌধুরী রতন নেই। মানিকও নেই। যেন আমেজহীন পহেলা বৈশাখ উদযাপন। শোভাযাত্রায় ছিলনা চিরচেনা, প্রাচীন ঐতিহ্য, ঢেকি, মাঝি মাল্লা, নাপিত, রাজা, জমিদার আরো কত কি। এ সব না থাকায় নগরবাসি ব্যথিত হয়েছে।
পরে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে বৈশাখী মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিষণ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি ক্ষুদা, দারিদ্রমুক্ত, সুখি, সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ হবে। আজ বাংলা নববর্ষে আমাদের প্রত্যাশা, বাঙ্গালি জাতীয়তাবাদের চেতনায় বৈষম্যহীন সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।
এছাড়া বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শিশু কিশোরদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কে বি ইসমাইল রোডস্থ জেলা শিশু একাডেমি কার্যালয়ে নববর্ষ উপলক্ষে চিত্রংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ক,খ,গ এই তিনটি বিভাগে শতাধিক শিশু কিশোর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান সহ শিশু কিশোর ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিচারকের দায়িত্বে ছিলেন বাদল চক্রবর্ত্তী ও শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উপ-কিপার মকুল দত্ত। অপরদিকে বাংলা নববর্ষকে সামনে রেখে নগরীর উমেদ আলী মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখ যাতে জনসাধারণ নিরাপদ ও নির্বিঘ্নে পালন করতে পারে সেই লক্ষে পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালী পুলিশ পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত রেখেছেন। নগরীর বৈশাখী মঞ্চ, পার্ক এলাকা সহ পুরো নগরজুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সাদা পোষাকেও আইন শৃংখলা বাহিনীর সদস্য, ডিবি কঠোর নজরদারি করছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পহেলা বৈশাখ পালনে সকলের নিরাপত্তা নিশ্চিতে আমরা বাড়তি নজরদারির উদ্যোগ নিয়েছি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com