স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ আগস্ট ২০২২, ১১:২৪
গত ২৬ জুলাই সিলেটের ওসমানীনগরের একটি বাসা থেকে একই পরিবারের পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। হাসপাতালে নেওয়ার পর এদের মধ্য থেকে রফিকুল ইসলাম (৫০) ও তার ছোট ছেলে মাইকুল ইসলাম (১৬) মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেই পরিবারের আরেক সদস্য সামিরা বেগমের (২০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সামিরা ঘটনার দিন মারা যাওয়া রফিকুল ইসলামের কন্যা। সামিরার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে প্রায় ১১ দিন আইসিসিইউতে চিকিৎসাধীন ছিলেন সামিরা। এ পর্যন্ত এই ঘটনায় সামিরা ও তার বাবা-ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে জেনারেটরের ধোঁয়ায় তাদের শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়ে এ ঘটনা ঘটে। আমরা আলামত ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে ঘটনার মূল কারণ জানা যাবে।
একই দিন আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫) ও আরেক ছেলে সাদিকুল ইসলামকে (২৫) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তারা এখনও চিকিৎসাধীন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com