স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৮
এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম বন্দরে প্রথম পণ্যবাহী কন্টেইনার জাহাজ সার্ভিস চালু করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। সরাসরি এই সার্ভিসে দুবাই বন্দর থেকে একটি কন্টেইনার জাহাজ চট্টগ্রাম পৌঁছবে সরাসরি। এতে সময়-অর্থ দুটোই সাশ্রয় হবে অনেক বেশি।
চট্টগ্রাম-দুবাই রুটে প্রচুর পণ্য দেশে পরিবহন হলেও সেগুলো বেশিরভাগই ট্রান্সশিপমেন্ট বন্দর কলম্বো হয়েই ঘুরে যেতে হচ্ছে।
এতে সময় বেশি লাগছে; ভাড়াও বেশি গুনতে হচ্ছে। নতুন সার্ভিসের ফলে চট্টগ্রাম-দুবাই রুটে দ্রুত এবং সাশ্রয়ে পণ্য পরিবহন সম্ভব হবে বলে আশা করছে উদ্যোক্তা সাইফ পাওয়ারটেক।
জাহাজ চলাচল করতে দুবাইভিত্তিক এডি পোর্ট গ্রুপের সাবসিডিয়ারি 'সাফিন ফিডার' এর সাথে শতভাগ সাবসিডিয়ারি এবং দুবাইতে নিবন্ধিত বাংলাদেশি মালিকানাধীন 'সাইফ মেরিটাইম এলএলসি'র গত ২৫ সেপ্টেম্বর দুবাইয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। জাহাজ ভাড়ার চুক্তিতে স্বাক্ষর করেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো রুহুল আমিন এবং এডি পোর্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জুমা আল শামিসি।
চুক্তি অনুযায়ী, দুবাইভিত্তিক সাফীন ফিডারের তিনটি কন্টেইনারবাহী ফিডার জাহাজ ১৫ বছরের জন্য বাংলাদেশি সাইফ মেরিটাইম পরিচালনা করবে। আগামী ডিসেম্বর মাস থেকেই এই তিনটি জাহাজ কনটেইনার দিয়ে প্রথমবার চট্টগ্রাম-দুবাই সার্ভিস চালু হবে।
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, চট্টগ্রাম-দুবাই রুটে সরাসরি জাহাজ সার্ভিস এটাই প্রথম। সার্ভিস চালু হলে সময় অর্ধেক কমে আসবে, সাশ্রয় হবে ভাড়াও। ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা সবচে লাভবান হবেন।
তিনি বলেন, এই তিন জাহাজে মাসে ১০ হাজার একক কনটেইনার পরিবহন করা যাবে। পাশাপাশি জাহাজ সরাসরি বাংলাদেশে আসবে তাই ব্যবসায়িদের পরিবহন খরচ কনটেইনার প্রতি ১৫০ থেকে ২০০ ডলার কমবে। এ ছাড়া এই সার্ভিসের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা আয় হবে। শক্তিশালী হবে রিজার্ভ।
সাইফ পাওয়ারটেক আশা করছে কনটেইনার পরিবহন করে জাহাজ প্রতি কম্পানিটির আয় ২০০ কোটি টাকা এবং মুনাফা হবে ২৫ কোটি টাকা।
এর আগে সাইফ পাওয়ারটেক এই পথে খোলা পণ্যবাহী জাহাজ সার্ভিস চালু করেছিল। বর্তমানে খোলা পণ্য পরিবহনের জন্য তিনটি জাহাজ এই রুটে চলছে। আরো পাঁচটি খোলা পণ্যের জাহাজ আগামী ২০২৩ সালের মাচে যুক্ত হবে।
সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের প্রথম ও একমাত্র টার্মিনাল অপারেটর। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার উঠানামার প্রায় ৬০ শতাংশ একাই করছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com