স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ ডিসেম্বর ২০২২, ১১:০৪
চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০২২-২৩ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে কেরুর কেন কেরিয়ারের ডোঙায় আখ ফেলে এই মৌসুমের উদ্বোধন করা হয়।
২০২২-২৩ মৌসুমে ৫৩ কার্যদিবস মিল চালু রাখার লক্ষ্য রয়েছে। ৬২ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৬ দশমিক ৫০ শতাংশ চিনি আহরণের হার ধরে তিন হাজার ৮৮৪ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু।
পরে প্রধান অতিথিসহ চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু ,সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম ডোঙায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
এ সময় চিনিকলের বিভাগীয় কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীসহ ইউনিয়নের সভাপতি সম্পাদক, আখচাষি এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুর রহমান অপু বলেন, ‘আখের উৎপাদন বাড়াতে আখচাষিদের উদ্বুদ্ধ করতে এক দফায় আখের দাম বাড়ানো হয়েছে। আগামী মৌসুমে আবারও আখের দাম বাড়ানো হবে। এতে কৃষকদের মধ্যে আগ্রহ ফিরবে।’
দেশের চিনির বাজারে চাহিদা নিয়ে তিনি বলেন, ‘দেশে যে পরিমাণ চিনির চাহিদা রয়েছে তা দেশের চিনিকলগুলো পূরণ করতে পারে না। তাই আমদানির ওপর নির্ভর থাকতে হয়। যদি আখচাষ বাড়ে, তাহলে সে চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব হবে।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com