এবার সোয়া কোটি টাকা মিলল পাগলা মসজিদের দানবাক্সে

এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৪৫০ টাকা। সিন্দুকের টাকাগুলো প্রথমে বস্তায় ভরা হয়। এরপর ফ্লোরে ঢেলে শুরু হয় গণনার কাজ। বিকেলে গণনা শেষে দানের এ টাকার হিসাব পাওয়া গেছে। এছাড়াও দানবাক্সে পাওয়া গেছে সোনা ও রূপার অলংকার এবং বৈদেশিক মুদ্রা।
তিন মাস পর শনিবার সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন, মীর মোহাম্মদ আল কামাহ তমাল টাকা গণনার কাজ তদারকি করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ ও প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নৌশাদ খান পাগলা মসজিদের টাকা গণনার কাজ পরিদর্শন করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, দেশি নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে মার্কিন ডলার, ইউরো, ভারতীয় রূপি, কুয়েতি দিনার সৌদি আরবসহ বিভিন্ন দেশের মুদ্রা এবং রৌপ্য ও স্বর্ণালংকার। এছাড়াও দানে পাওয়া ছাগল, হাস-মুরগি প্রতি সপ্তাহেই নির্ধারিত দিনে নিলামে বিক্রি করা হয়।
এর আগে, গত ১৩ এপ্রিল মসজিদের দানবাক্স খুলে গণনা করে ১ কোটি ৮ লাখ ৯ হাজার ২০০ টাকা পাওয়া গিয়েছিল।