স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২২ মে ২০২৪, ১২:৫৫
সৌদি আরবের ক্যাবেট সিটি এলাকায় সুমন নামে এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) বিকেলে মাদারীপুরের শিবচরের সুমনের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছায়।
নিহতের পরিবারের দাবি, সুমনকে হত্যা করে ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত লাশ দেশে আনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের দাদন হাওলাদারের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সুমন হাওলাদার বড়। প্রায় পাঁচ বছর আগে পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরব পাড়ি জমান সুমন। সেখানে টেকনিশিয়ান হিসেবে এসির কাজ করতেন তিনি।
মঙ্গলবার বিকেলে খবর আসে, সৌদিতে এসির কাজ করার সময় একদল ভুয়া পুলিশের তাড়া খেয়ে বহুতল একটি ভবনের ছাদ থেকে পড়ে সুমনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী কেউ ফোন করে জানান, সুমন কয়েকজন বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় পুলিশের তাড়া খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
সুমনের মা বানু বেগম বলেন, আমার ছেলের মাথার একপাশ ছাড়া অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। আর ছাদ থেকে পড়লে শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকার কথা। সঠিক তদন্ত শেষে দ্রুত লাশ দেশে আনার দাবি জানাচ্ছি।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার বলেন, বিষয়টি আমাদের এখনো কেউ জানায়নি। তবে খোঁজখবর নিয়ে দেখছি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com