কুমিল্লায় ভয়াবহ আগুনে ৮৫ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মজি মৌলভীর বাড়িতে সোমবার দিবাগত রাত ৩টায় বিদুৎ সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডে ১০ ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনটি পরিবারের নগদ ৮ লাখ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, মালামালসহ ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৮৫ লাখ টাকা।
খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয় লোকজন দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ৩ টায় জেলার বুড়িচং উপজেলার পীর যাত্রা পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মজি মৌলভীর বাড়িতে এক ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাড়ির মৃত কবির আহম্মেদের ছেলে শরীফুল ইসলামের ঘরে প্রথমে বিদ্যুৎ সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্র ঘটে। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে।
এ সময় ওই বাড়ির সমস্ত লোকজন গভীর ঘুমে ছিল। লোকজন আগুনের উপস্থিতি টের পেয়ে চিৎকার করে বের হয়ে আসলে আশ-পাশের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার একঘন্টা পর খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে হাজির হয়।
বাড়ির শাহ্ পরাণ জানান, তিন পরিবারের রান্নাঘরসহ ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, হিরন মিয়ার দেড় লাখ, শরীফুল ইসলামের ৫ লাখ টাকা, ফরহাদ পুলিশের দেড় লাখ টাকা পুড়ে যায়। স্বর্নলংকার প্রায় ১৫-১৮ ভরি, ইলেকট্রনিক, আসবাবপত্রসহ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির লোকজন পরনের বস্ত্র ছাড়া কোনো কিছু নিয়ে বের হতে পারেনি। এতে প্রায় ৮৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ক্ষতিগ্রস্তদেরকে সরকারি ত্রাণ তহলবিল থেকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন।