চৌদ্দগ্রামে এএসআই নিহতের ঘটনায় অভিযুক্ত কাভার্ড চালক আটক
চৌদ্দগ্রামে গত সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এএসআই আক্তার হোসেনসহ তিনজন নিহতের ঘটনায় থানায় মামলার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দাউদকান্দি টোল প্লাজা থেকে অভিযুক্ত কাভার্ডভ্যান (উ-১১-৩১৫১) চালক মো. আলা উদ্দীন (২৫) কে আটক করেছে পুলিশ। এসময় মামলার স্বাক্ষী হিসেবে তার সহকারীকেও আটক করা হয়।
আটক আলা উদ্দীন নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের লনুয়া গ্রামের আব্দুল আলীর ছেলে।
এবিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ্ জানান, দাউদকান্দি টোল প্লাজা থেকে অভিযুক্ত আলা উদ্দীন ও তার সহকারীকে আটক করা হয়েছে। পরে আলা উদ্দীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের এএসআই আকতার হোসেনসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছিল। গত সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর-বাবুচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।