শিবচরে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০
ঢাকা-খুলনা মহাসড়কে মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিক ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরীয়তউল্লাহ সেতু এলাকায় জেলার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকা ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ যাত্রী আহত হয়। বাসটিতে অর্ধ শতাধিক যাত্রী ছিল।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসটি ঢাকায় যাচ্ছিল। যাত্রীবাহী বাসটির ছাদভর্তি কাঠ ছিল।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।