সুবর্ণচরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাজেদা আক্তার সাথী (২৭)।
বুধবার দুপুর ১টার দিকে চরমজিদ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাজেদা আক্তার সাথী ওই গ্রামের সিরাজ মাওলার স্ত্রী ও আলা উদ্দিনের মেয়ে।
জানা গেছে, গত দুই বছর আগে একই গ্রামের সিরাজ মাওলার সঙ্গে সাথীর বিয়ে হয়। বিয়ের দুই বছরেও তাদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে পারিবারিকভাবে ঝামেলায় ছিল তারা। কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে যায় সাথী।
বুধবার সকালে ডাক্তার দেখানোর জন্য আবার শশুরবাড়িতে আসে। কিন্তু দুপুরে পরিবারের লোকজন তাদের ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় সাথীর লাশ দেখতে পায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় সাথীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।