এরশাদের অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ভাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। সিএমএইচে চিকিৎসাধীন এরশাদের সর্বশেষ অবস্থা জানাতে
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জিএম কাদের বলেন, উনার কিডনি কিছু কিছু ফাংশান করছে। সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি। শ্বাসকষ্ট কালকে যেমন ছিল আজকে এমনই আছে। উন্নতি কিংবা অবনতি হয়নি। ফুসফুসে যে পনি জমেছিল তা আগের মতোই আছে। পরিস্থিতির উন্নতি হয়নি।
এই পরিস্থিতিতে অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থাকে।
গত ২২শে জুন সিএমএইচে ভর্তি হওয়ার পর তার ফুসফুসে সংক্রমণের সঙ্গে দেখা দিয়েছে কিডনির জটিলতা।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, লাইফ সাপোর্ট বলতে আমরা যা বুঝি যে- ভেন্টিলেশনের মাধ্যমে, সম্পূর্ণ কৃত্রিমভাবে নিশ্বাস-প্রশ্বাস চালু রাখা, ওই অবস্থায় তিনি (এরশাদ) যাননি। তার অবস্থা আগের মতোই স্থিতিশীল আছে।