‘বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে গলাবাজি করছেন এমপি-মন্ত্রীরা’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে ঢাকায় বসে ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীরা গলাবাজি করছেন।
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দেশের উত্তরাঞ্চল-মধ্যাঞ্চলে এখন বন্যায় সর্বস্বহারা মানুষের হাহাকার চলছে। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নতুন করে আরও পাঁচ জেলায় পানি প্রবেশ করেছে।
তিনি বলেন, শুকনো আশ্রয় ও খাবারের সন্ধানে ছুটছে বানভাসি মানুষ। কোথাও ত্রাণের গাড়ি কিংবা নৌকার সংবাদ শুনলেই ছুটে যাচ্ছেন তারা।
রিজভী বলেন, উত্তরাঞ্চলের সঙ্গে চার দিনে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পানিতে ডুবে তিন জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জামালপুরে ৪, শেরপুরে ৪, গাইবান্ধায় দুজন রয়েছে।
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কমিটির সদস্যরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান তিনি।