বিএনপি কার্যালয় গুজবের ফ্যাক্টরি : ওবায়দুল কাদের
বিএনপির কার্যালয়কে গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘বিএনপির কার্যালয় গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি। গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে। আমরা জানি কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির মূল পুঁজি অপপ্রচার ও গুজব।’
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের হয়ে বিদেশে বসে যারা গুজব ও অপপ্রচার চালাচ্ছে তাদের সঙ্গে দেশের অপশক্তির হাত আছে কি না-তা খতিয়ে দেখা উচিত।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির অবস্থা এখন রাখাল বালকের মতো। তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করছে।’
এ ছাড়াও তিনি জানান, সরকার সক্রিয়ভাবে ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি ধানমন্ডি ২৭ নম্বর হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে ফিরে আসে। এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটেন সংগঠনটির নেতাকর্মীরা।