বৈধ সুবিধার জন্য আবেদন করেছি: রুমিন ফারহানা

সরকার ও সংসদকে ‘অবৈধ’ বলেও সংসদ সদস্য হিসেবে ১০ কাঠার প্লট বরাদ্দ চেয়ে আবেদন করে সমালোচনার মুখে পড়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তবে তার নামে যে চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি তার আবেদন বলে স্বীকার করেছেন।
দেশের একটি বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, ‘হ্যাঁ আমি আবেদন করেছি। এটা হচ্ছে রাষ্ট্রীয় সুবিধা। কোনো সরকারের কাছে চাওয়া না। রাষ্ট্রের কাছে চেয়েছি। রাষ্ট্রীয় পদের কারণে বেশ কিছু অধিকার হয়- গাড়ি, প্লট ইত্যাদি।’
আবেদনের এই চিঠি কীভাবে বাইরে এলো, সে প্রশ্ন তুলে রুমিন ‘কিন্তু আমি জানতাম না কোনো মন্ত্রণালয় থেকে কোনো চিঠি এভাবে বের হয়। আবেদন তো শুধু আমি করিনি। অন্যরাও করেছেন। বাকিদের চিঠি কেন ভাইরাল করা হলো না? এটা বিরোধী মতকে নগ্নভাবে তুলে ধরার নামান্তর।’
ওই চিঠি মন্ত্রণালয় থেকে বাইরে যাওয়ার পেছনে ‘সরকারের হাত’ রয়েছে অভিযোগ করে তিনি বলেছেন, ‘আমি এখন চ্যালেঞ্জ করব। যতজন এমপি এপ্লিকেশন করেছেন সব প্রকাশ করা হোক। রুমিন কেন একলা?’
তিনি বলেন, ‘মন্ত্রী-এমপি না হয়েও কেউ কেউ শুল্ক মুক্ত গাড়ি পেয়ে গেছেন। আমি তো এক সুতা জমিও পাইনি। তার আগেই আমার চিঠি প্রকাশ করা হয়েছে।
অবশ্য সরকার প্লট দেবে না বলেও নিশ্চিত রুমিন ফারহানা। বলেন, ‘তবুও আনুষ্ঠানিকতার জন্য আবেদন করেছি মাত্র।’
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে হারের বিএনপি ফলাফল মানতে চায়নি। দল ও জোটের মোট আট জন জেতার পর দলের পক্ষ থেকে জানানো হয়, এরা কেউ শপথ নেবেন না। পরে তারা শপথ নেন। আর সংসদে আসনের ভিত্তিতে সংরক্ষিত আসনের একটি পায় বিএনপি।
বিএনপি এই সংরক্ষিত আসনে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানারে মনোনয়ন দেয়। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তিনি সংসদ সদস্য হন।
এর আগে একটি জাতীয় দৈনিকে এই সংবাদটি প্রকাশের পর থেকে নেটের দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে বিষয়টি। এমনিতে সংসদ সদস্যরা নানা সুযোগ সুবিধা পান। রুমিন যা চেয়েছেন, সেটাও আইনবিরুদ্ধ নয়। যেহেতু তিনি সংসদকে বৈধ মনে করেন না, তাই তার সদস্য হয়ে এই আবেদন করাটি কতটা নৈতিক- সে প্রশ্ন তুলছেন সমালোচকরা।
প্রসঙ্গত, গত ৩ অগাস্ট রুমিন ফারহানার স্বাক্ষরে সংসদ সদস্যের প্যাডে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বরারবর ওই চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়, ঢাকা শহরে তার নামে কোনো ফ্ল্যাট বা জমি নেই। ওকালতি ছাড়া তার অন্য আর কোনো ব্যবসা বা পেশা নেই। এ জন্য ঢাকার পূর্বাচল আবাসিক এলাকায় তার ১০ কাঠার একটি প্লট প্রয়োজন।